আল্লাহ সবার নেক আমল কবুল করুন

পবিত্র রমজানের আগমনে মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান ফিলিস্তিনের জনগণ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেছেন।
রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে সৌদি নাগরিক, প্রবাসী এবং বিশ্বজুড়ে মুসলমানদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, এই মহিমান্বিত মাসে আল্লাহ যেন সবাইকে বরকত দান করেন, নেক আমল কবুল করেন এবং সৌদি আরবসহ সর্বত্র নিরাপত্তা ও সমৃদ্ধি স্থায়ী করেন।
বাদশাহর পক্ষে এ ভাষণ পাঠ করেন সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি। বার্তায় জানানো হয়, রমজান এমন এক মাস, যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই রাতে নামাজ ও ইবাদত-বন্দেগিতে আল্লাহর সাহায্য কামনা করা হয়।
বার্তায় আরও বলা হয়, পবিত্র দুই মসজিদ ও মসজিদে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবার দায়িত্ব সৌদি আরবের জন্য এক মহান সম্মান। আল্লাহর সহায়তায় এ দায়িত্ব পালনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
বিশ্বের মুসলমানদের উদ্দেশে বাদশাহ সালমান বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও সংহতি জোরদার এবং আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতের কৃতজ্ঞতা জানানোর এক অনন্য সুযোগ।
সূত্র : সৌদি গেজেট
এনটি