রমজানে রাসুল (সা.)-এর রওজা জিয়ারতের নতুন সময়সূচি

পবিত্র রমজান মাসে মদিনার মসজিদে নববীতে অবস্থিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরীফ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব। মুসল্লিদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রথম ২০ দিন এবং শেষ ১০ দিনের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসজুড়ে মসজিদে নববী প্রাঙ্গণে অবস্থিত রওজা শরীফ বা রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানের বিশেষ ইবাদত ও মুসল্লিদের অতিরিক্ত সমাগম বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রওজা শব্দের অর্থ বাগান। রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান বলতে বোঝায় মদিনার মসজিদে নববীর সেই অংশকে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এবং তার মিম্বারের মাঝামাঝি অবস্থিত। মিম্বার হলো মসজিদের উচু মঞ্চ, যেখান থেকে ইমাম সাধারণত জুমার খুতবা দেন। মিহরাবের ডান পাশে এই স্থানটি অবস্থিত।
অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক এই স্থানে ছয়টি স্তম্ভ রয়েছে, যেগুলো নবীজির জীবদ্দশায় খেজুরগাছের কাণ্ড দিয়ে তৈরি মূল স্তম্ভগুলোর স্থানে নির্মিত হয়েছে। হাদিসের আলোকে মুসলমানরা বিশ্বাস করেন, এই স্থানে নামাজ আদায় করলে বিশেষ সওয়াব পাওয়া যায়।
বছরের প্রায় সব সময়ই কার্পেট পাতা এই অংশে প্রচণ্ড ভিড় থাকে। তাই জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে কঠোর নিয়মকানুন কার্যকর রয়েছে। রমজান মাসে মুসল্লিদের সুবিধার্থে জিয়ারতের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
রওজা শরিফ জিয়ারতে যেতে হলে আগেভাগেই নুসুক অ্যাপ-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা বাধ্যতামূলক।
রমজানের প্রথম ২০ দিন
পুরুষদের জন্য
প্রথম সময়: রাত ১১টা থেকে রাত ১টা ৪০ মিনিট।
দ্বিতীয় সময়: সকাল ৬টা থেকে সকাল ১১টা।
নারীদের জন্য
প্রথম সময়: সকাল ১১টা ২০ মিনিট থেকে রাত ৮টা।
দ্বিতীয় সময়: রাত ২টা থেকে ভোর ৫টা।
রমজানের শেষ ১০ দিন
নারীদের জন্য
সকাল ৬টা থেকে সকাল ১১টা
পুরুষদের জন্য
প্রথম সময়: সকাল ১১টা ২০ মিনিট থেকে রাত ৮টা
দ্বিতীয় সময়: রাত ১১টা থেকে রাত ১২টা
তৃতীয় সময়: রাত ২টা থেকে ভোর ৫টা
সূত্র : খালিজ টাইমস
এনটি