রমজান কারীম না রমজান মোবারক, কোনটি সঠিক?

রমজান এলে মুসলিমরা বন্ধু, সহকর্মী ও প্রতিবেশীকে শুভেচ্ছা জানান রমজান কারীম ও রমজান মুবারক বলে। অনেকেই ভাবেন এই দুটির মধ্যে কোনটি সঠিক? অর্থ ও প্রেক্ষাপট বুঝে বললে, দুটিই সঠিক, তবে ব্যবহারে আছে সূক্ষ্ম পার্থক্য।
গালফ নিউজকে দেওয়া এক ব্যাখ্যায় দুবাইভিত্তিক ভাষাবিশেষজ্ঞ খালেদ বুদেমাগ বলেন, শুভেচ্ছার ধরন দেশ ও সংস্কৃতিভেদে ভিন্ন হতে পারে। উদাহরণ হিসেবে তিনি জানান, ফ্রান্সে সাধারণত বলা হয় বোঁ রমাদঁ, অর্থাৎ শুভ রমজান। তবে আমিরাত ও বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি অভিব্যক্তির প্রত্যেকটিরই আলাদা অর্থ ও আবহ রয়েছে।
রমজান মোবারক অর্থ বরকতপূর্ণ রমজান। এই অভিবাদনের মাধ্যমে রোজাদারকে বরকত, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির কামনা জানানো হয়। রমজানের শুরুতে শব্দটি বেশি বলা হলেও পুরো মাসজুড়েই শব্দটি ব্যবহার করা যায়।
অন্যদিকে রমজান কারীম অর্থ দানশীল বা উদার রমজান। এর সুর কিছুটা হালকা ও আনন্দঘন। রমজানের দয়া ও উদারতার চেতনাকে সম্মান জানিয়ে এই শুভেচ্ছা বার্তাটি ব্যবহার করা হয়। অনেকের কাছে এটি হ্যাপি রমজানের সমার্থকবোধক। এই শব্দটিও রমজানের শুরুর দিকে ও পুরো রমজান ব্যবহার করেন মুসলিমরা।
রমজান শুরুর আগে থেকেই মুসলিমরা রমজান মুবারক ও রমজান কারীম বলে শুভেচ্ছা জানান। তবে সাধারণত রমজানের চাঁদ দেখার পরই এর প্রচলন বেড়ে যায়। রমজানের চাঁদ দেখার সন্ধ্যা থেকেই শুরু হয় শুভেচ্ছা বিনিময়।
রমজান শেষে ঈদুল ফিতরের দিন বদলে যায় শুভেচ্ছা বার্তা। তখন বলা হয় ঈদ মোবারক এবং শুভেচ্ছা বার্তায় অনেকেই বলেন, সামনের বছরটি আপনার জন্য কল্যাণময় হোক।
সূত্র : গালফ
এনটি