সেহরির সময় শেষ শোনার পরও পানি খাওয়া যাবে কি?

রমজানের মূল ইবাদত রোজা রাখা। অর্থাৎ, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। পুরো দিন পানাহার থেকে বিরত থাকার জন্য রাতের শেষ প্রহরে খাবার খান মুসলিমরা। এই খাবারকে সেহরি বলা হয়।
সেহরি শব্দের অর্থ ভোরের খাবার। রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয় ইসলামের পরিভাষায় তাকে সেহরি বলে।
সেহরির ফজিলত
রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত। সেহরি অত্যন্ত বরকতময় খাবার। হাদিস শরিফে সেহরি খাওয়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে।’ (বুখারি, হাদিস : ১৯২৩)
রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’ (মুসলিম, হাদিস : ১৮৪৩; তিরমিজি, হাদিস : ৬৪২)
‘সেহরির সময় শেষ’
সেহরিতে রোজাদারদের ঘুম থেকে জাগানোর জন্য আমাদের দেশের মসজিদের মাইকে ডাকার প্রচলন রয়েছে। সেহরির শেষ সময়ের এক-দেড় ঘণ্টা আগে থেকে সাধারণত মসজিদের মাইকে ডাকা হয়। রোজাদারদের সুবিধার্থে শেষ সময়ে মসজিদের মাইক থেকে বলা হয়, ‘সেহরির সময় শেষ’। এরপরই মসজিদের মাইকে ফজরের আজান দেওয়া হয়।
মসজিদের মাইকে ‘সেহরির সময় শেষ’ বলার মাধ্যমেই সেহরির সময় শেষ হয়ে যায় এবং তখন থেকেই রোজা শুরু হয়ে যায়। মুয়াজ্জিনের মুখে সেহরির সময় শেষ শোনার পর পানি বা অন্য কিছু খাওয়া যাবে না। এরপর কিছু খেলে রোজা ভেঙে যাবে।
তবে আমাদের দেশের কিছু কিছূ মসজিদে এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক সময় সেহরির সময় শেষ হওয়ার দুই তিন মিনিট আগে সতর্কতামূলকভাবে বলা হয় সেহরির সময় শেষ। যদি সতর্কতামূলক সময়ে অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার দুই তিন মিনিট আগে মুয়াজ্জিন ‘সেহরির সময় শেষ’ বলে ঘোষণা দেন তাহলে তখনও খাওয়া যাবে। কিন্তু আজান শুরু হওয়ার পর আর কোনোভাবে খাওয়া যাবে না। আজান শুরু হওয়ার পর খাবার বা পানীয় গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। তাই সতর্ক থাকতে হবে।
সুবহে সাদিক
সেহরির শেষ সময়কে সুবহে সাদিক বলা হয়। সুবহে সাদিক বলা হয়, রাতের শেষ দিকে পূর্ব দিগন্তের উভয় দিকে ক্ষীণ (দিগন্তের সাথে ভার্টিক্যালি) প্রশস্ত আকারে যে আলো প্রকাশ পায় তখন থেকে সেহরির সময় শেষ হয়ে যায় এবং এরপর থেকেই ফজরের সময় শুরু হয়। ফিকহের পরিভাষায় এই সময়টির নাম সুবহে সাদিক।
এই সময়টির ব্যাপারে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘আর তোমরা পানাহার কর যতক্ষণ না রাতের কাল রেখা থেকে ভোরের সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত হয়।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৭)
মুয়াজ্জিন বা মসজিদের মাইকে সুবহে সাদিকের সময়টিতেই সেহরির শেষ সময়ের ঘোষণা দেওয়া হয়। এজন্য রোজাদারের জন্য তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত পাহানার করা যাবে না।
এনটি