রমজানের শেষ মুহূর্তগুলো কাটুক আত্মপর্যালোচনায়

রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সময় রমজান মাস। এই মাসে মুসলমানরা রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতের বসন্তকাল হলেও এর শেষ দশক বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এই সময়টিই পুরো মাসের আমলকে মূল্যায়ন করার, নিজেকে নতুন করে যাচাই করার এবং ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প নেওয়ার উত্তম সুযোগ। তাই রমজানের শেষ সময়গুলোতে ইবাদতের পাশাপাশি আত্মপর্যালোচনা জরুরি।
আত্মপর্যালোচনা মানে হলো নিজের ভেতরের দিকে তাকানো—নিজের কাজ, কথা ও আচরণকে নতুনভাবে বিচার করা।
রমজান আমাদেরকে সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। কিন্তু মাসের শেষে দাঁড়িয়ে আমাদের ভাবা দরকার, আমরা এই শিক্ষাগুলো কতটা গ্রহণ করতে পেরেছি। রোজা কি শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এটি আমাদের চরিত্র ও আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন এনেছে—এই প্রশ্নগুলো নিজেদের সামনে তুলে ধরা জরুরি।
রমজানের শেষ সময় আত্মপর্যালোচনার জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ, এই সময় মানুষ সাধারণত ইবাদতের প্রতি বেশি মনোযোগী হয়। রাতের নীরবতায় যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়, তখন নিজের জীবনের ভুলগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন বুঝতে সহজ হয় কোথায় আমরা গুনাহ করেছি, কোথায় অবহেলা করেছি এবং কোন জায়গাগুলোতে আমাদের পরিবর্তন প্রয়োজন।
এই সময় নিজের অতীত ভুলগুলোর জন্য আন্তরিকভাবে তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে তা থেকে দূরে থাকার সংকল্প নেওয়াই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। রমজানের শেষ সময় যেন সেই নতুন সূচনার দরজা হয়ে ওঠে।
আত্মপর্যালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা। আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততায় এমনভাবে ডুবে থাকি যে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই। অথচ একজন মুসলমানের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই রমজানের শেষ সময় নিজেকে প্রশ্ন করা দরকার—আমার জীবন কি সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে, নাকি আমি শুধু দুনিয়ার পেছনেই ছুটে চলেছি?
আত্মপর্যালোচনার ক্ষেত্রে বর্তমান সময়ের একটি বাধা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলে সবার মনোযোগ নষ্ট হয়। আত্মপর্যালোচনায় প্রচণ্ডভাবে ব্যাঘাত ঘটে।
রমজানের শেষ সময়ে আত্মপর্যালোচনা করার জন্য ইচ্ছাশক্তি বজায় রাখার পাশাপাশি আমরা বিভিন্ন প্রযুক্তিগত সেবা গ্রহণ করতে পারি। কারণ, এখন মানুষ অনেকটাই প্রযুক্তিনির্ভর। এক্ষেত্রে কাহাফ গার্ড নামের একটি মোবাইল অ্যাপলিকেশন সম্প্রতি বেশ সাড়া জাগিয়েছে। এই মোবাইল অ্যাপলিকেশনটির বিভিন্ন সেবা রয়েছে। তার মধ্য অনত্যম একটি সেবা বা ফিচার হলো ফোকাস মুড ও হ্যাবিট ট্র্যাকার। এর মাধ্যমে পড়াশোনা ও আত্মউন্নয়ন ঘটনো সম্ভব।
হ্যাবিট ট্র্যাকার: দিন শেষে মুসাবাহা করা। পাঁচ ওয়াক্ত সালাত, কোরআন তিলাওয়াত থেকে শুরু করে প্রতিদিন বিভিন্ন ভাল ভাল অভ্যাসের মাধ্যমে গড়ে তোলা যায় এবং আত্ম-উন্নয়ন নিশ্চিত হয়।
রমজানের শেষ সময়গুলো আসলে এক ধরনের আধ্যাত্মিক আয়না, যেখানে মানুষ নিজের প্রকৃত অবস্থাকে দেখতে পারে। এই আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা সত্যিকার অর্থে নিজেদের বিচার করতে পারি, তাহলে রমজান আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন এনে দিতে পারে।
তাই রমজানের শেষ সময়গুলোকে অবহেলা না করে ইবাদত, তওবা ও গভীর আত্মপর্যালোচনার মাধ্যমে কাটানো উচিত। কারণ এই মুহূর্তগুলোই হতে পারে আমাদের জীবনের নতুন দিকনির্দেশনা পাওয়ার সবচেয়ে মূল্যবান সময়।
লেখক : মিরাজ রহমান, ইসলাম বিষয়ক গবেষক ও আলেম সাংবাদিক