রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

পবিত্র রমজান মাসের প্রথম ২০ দিনে মক্কার মাসজিদুল হারাম ও মদিনার মাসজিদুন নববীতে ৯ কোটি ৬৬ লাখেরও বেশি মুসল্লি ও উমরাহ যাত্রী উপস্থিত হয়েছেন। সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী এই বিপুল সংখ্যক মানুষের ইবাদত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
কর্তৃপক্ষের দেওয়া হিসাব মতে রমজানের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মক্কার মসজিদুল হারামে পাঁচ ওয়াক্ত নামাজ ও কিয়ামুল লাইল আদায় করেছেন ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪০১ জন মুসল্লি। এর পাশাপাশি ১৫ কোটি ৬০ লাখ ৫ হাজার ৮৬ জন ওমরাহ যাত্রী এই সময়ে ওমরাহ পালন করেছেন। নামাজ ও ওমরাহ জোনের প্রবেশপথের ডিজিটাল ডাটা বিশ্লেষণ করে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে মদিনার মসজিদে নববীতে এই ২০ দিনে ২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ২৫৯ জন মুসল্লি নামাজ আদায় করেছেন। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক সংলগ্ন রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১৯১ জন। এ ছাড়া প্রিয় নবীজি ও তার দুই সঙ্গীর কবরে সালাম পেশ করেছেন ১৭ লাখ ১৫ হাজার ৯২৮ জন দর্শনার্থী।
মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে মুসল্লিদের এই বিশাল সমাগম সামাল দিতে তাদের প্রতিটি বিভাগ অত্যন্ত তৎপর ছিল। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য একটি সমন্বিত সেবা ব্যবস্থা চালু রাখা হয়েছে। রমজানের এই সময়ে দুই পবিত্র মসজিদের প্রতি মুসলিম উম্মাহর গভীর আবেগ ও আকর্ষণের কারণেই মুসল্লিদের এমন রেকর্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এনটি