বুধবার ঈদের চাঁদ দেখতে বসবে কাতার

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতরের দিনক্ষণ। কাতারের এনডাওমেন্টস এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের (আওয়াকফ) চাঁদ দেখা কমিটি ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার জন্য দেশটির মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে। কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার মাগরিবের নামাজের পরপরই এই কমিটি বৈঠকে বসবে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ঈদুল ফিতর শুরুর ঘোষণা দেবে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কেউ খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তাকে আল দাফনা (টাওয়ার্স) এলাকায় অবস্থিত আওকাফ মন্ত্রণালয়ের কার্যালয়ে এসে সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কাতার ছাড়াও সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের আগামী বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার হবে ২৯ রমজান। ওইদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে শুক্রবার।
বিজ্ঞাপন
অন্যদিকে, ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি জানিয়েছে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের ওইদিন চাঁদ দেখে সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে সবকিছুই নির্ভর করছে আকাশে চাঁদ দেখা যাওয়ার ওপর।
এনটি