৫ সপ্তাহের কঠোর বিধিনিষেধের পর শুক্রবার (১০ এপ্রিল) বড় ধরনের কোনো বাধা ছাড়াই মসজিদুল আকসায় জুমা পড়েছেন ফিলিস্তিনিরা।
বিজ্ঞাপন
ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে জুমার নামাজ পড়তে শুক্রবার ভোররাত থেকেই স্বেচ্ছাসেবীদের পরিচালিত বিশেষ কাফেলাগুলো জেরুজালেমের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ বিরতির পর মসজিদে ফিরতে পেরে মুসল্লিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ দিন জুমার নামাজে ইমামতি করেন মসজিদুল আকসার খতিব শায়খ মুহাম্মদ সেলিম। জুমার খুতবায় তিনি মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সবাইকে সত্যের ওপর অটল থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
শায়খ মুহাম্মদ সেলিম উপস্থিত মুসল্লিদের আল্লাহর হুকুম পালনে অবিচল থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া গোটা জাতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
এ সময় তিনি মুসল্লিদের প্রতি জেরুজালেমের পুরোনো শহরের স্থানীয় দোকানপাট থেকে কেনাকাটা করার বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, দীর্ঘ অবরোধের কারণে এই শহরের ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
এনটি
