আসন্ন হজকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সব হজযাত্রীকে অবশ্যই আনুষ্ঠানিক অনুমতিপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ভুয়া অফারের প্রলোভনে পড়ে প্রতারিত না হতে কঠোরভাবে সতর্ক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, একমাত্র হজ ভিসাই হজের আচার-অনুষ্ঠান পালনের জন্য বৈধ নথি হিসেবে গণ্য হবে। হজযাত্রীদের যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুশৃঙ্খল রাখতে অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমেই এই পারমিট বা অনুমতিপত্র নিশ্চিত করতে হবে।
সৌদি কর্মকর্তারা জানান, অনুমতিপত্রের নিয়ম মেনে চললে হজযাত্রীরা পবিত্র স্থানগুলোতে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে ভিড় সামলানো এবং হাজিদের যাতায়াত নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষের নেওয়া সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
অননুমোদিত কোনো মাধ্যম বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে না পড়ার জন্য হজযাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভুয়া বা অবৈধ ভিসা নিয়ে হজে যাওয়ার চেষ্টা করলে কেবল হজ পালনেই বাধা আসবে না, বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর আইনি শাস্তির মুখেও পড়তে হবে।
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পারমিট সংগ্রহ করলে হাজিদের সব ধরনের সেবা প্রাপ্তি নিশ্চিত হয়। একই সঙ্গে এটি একটি নিরাপদ ও সুশৃঙ্খল হজ অভিজ্ঞতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
এনটি
