বিজ্ঞাপন

হজ কবুলের জন্য কী করবেন? জানালেন কাবার ইমাম

হজ কবুলের জন্য কী করবেন? জানালেন কাবার ইমাম

হজের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে হজযাত্রীদের বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল জুহানি। তিনি বলেছেন, হজে যাওয়ার আগে নিয়ত শুদ্ধ করা এবং উপার্জিত অর্থ হালাল কিনা তা নিশ্চিত করতে হবে। তবেই আল্লাহর দরবারে হজ কবুল বা মকবুল হওয়ার আশা করা যায়।

শুক্রবার (৮ মে) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। সৌদি সংবাদমাধ্যম এসপিএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খুতবায় শায়খ আবদুল্লাহ আল জুহানি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পবিত্র দুই হারাম শরীফ অর্থাৎ মক্কা ও মদিনায় অবস্থানের সময় প্রত্যেক হজযাত্রীকে যথাযথ আদব ও শিষ্টাচার বজায় রাখতে হবে। এছাড়া হজযাত্রীদের নিরাপত্তা ও সর্বোচ্চ সেবা নিশ্চিতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। বিশেষ করে অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হজযাত্রীদের কাজ অনেক সহজ করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খুতবার শেষ অংশে ইমাম হজযাত্রীদের এই আধ্যাত্মিক সফরকে কাজে লাগিয়ে মহান আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করার আহ্বান জানান। তিনি উপস্থিত মুসল্লিদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, শুদ্ধ ও সঠিক নিয়মে পালন করা হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত। তাই এই মহামূল্যবান সুযোগ যেন কেউ হেলায় না হারান।

এনটি