বিজ্ঞাপন

হজযাত্রীদের যে পরামর্শ দিলেন মসজিদে নববীর ইমাম

হজযাত্রীদের যে পরামর্শ দিলেন মসজিদে নববীর ইমাম

হজযাত্রীদের পারস্পরিক ঝগড়া-বিবাদ ও বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান। শুক্রবার (২২ মে) জুমার খুতবায় হজযাত্রীদের প্রতি বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় তিনি বিতর্ক এড়িয়ে নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে একনিষ্ঠভাবে ইবাদতে মগ্ন হওয়ার আহ্বান জানান।

খুতবায় শায়খ আল-বুয়াইজান হজের আবশ্য পালনীয় বিষয় (আরকান-আহকাম) এবং নিষিদ্ধ কাজগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, হজের এই পবিত্র সফরে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সোপর্দ করতে হবে। দুনিয়াবি বিতর্ক বা অনর্থক আলাপচারিতা যেন এই মহান ইবাদতের একাগ্রতা নষ্ট না করে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

সরকারি নির্দেশনার বিষয়ে ইমাম বলেন, যথাযথ কর্তৃপক্ষের দেওয়া হজের নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলা প্রত্যেক হজযাত্রীর জন্য অপরিহার্য। এ বিষয়টি শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে  একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে।

খুতবার শেষাংশে তিনি জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব তুলে ধরেন। এই দিনগুলোকে অত্যন্ত বরকতময় উল্লেখ করে তিনি বেশি বেশি নামাজ, রোজা, দান-সদকা ও জিকিরের মাধ্যমে আধ্যাত্মিক সওয়াব হাসিলের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এনটি