বিজ্ঞাপন

বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী

বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী

মসজিদে নববীতে আসা মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য পবিত্র ও মনোরম পরিবেশ বজায় রাখতে গালিচা বা কার্পেট রক্ষণাবেক্ষণে ব্যাপক তৎপরতা চালাচ্ছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে প্রতিদিন প্রায় ৫০০টি কার্পেট ধুয়ে নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। 

পুরো মসজিদে বিছানো ২৫ হাজার কার্পেটের পরিচ্ছন্নতা নিশ্চিতে বছরে ১ লাখ ৮০ হাজারবারেরও বেশি ধোয়া ও প্রস্তুতির কাজ করা হয়। সোমবার সৌদি বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

কর্তৃপক্ষ জানায়, একটি সুনির্দিষ্ট এবং উন্নত প্রক্রিয়ার মাধ্যমে গালিচাগুলো ধোয়ার কাজ সম্পন্ন করা হয়। এর ফলে কার্পেটের শতভাগ পরিচ্ছন্নতা ও গুণগত মান যেমন বজায় থাকে, তেমনি দীর্ঘস্থায়িত্বও নিশ্চিত হয়।

মসজিদে নববীতে ব্যবহৃত এই কার্পেটগুলো সম্পূর্ণ সৌদি আরবে তৈরি। উন্নত বুননশৈলী, স্থায়িত্ব এবং মজবুত গঠনের কারণে এগুলো বেশ আরামদায়ক। ফলে বছরজুড়ে লাখো মানুষের ব্যবহারের পরও এগুলো নষ্ট হয় না এবং মুসল্লিদের বাড়তি স্বস্তি দেয়।

মূল মসজিদ ভবন, ছাদ এবং বাইরের চত্বরসহ পুরো আঙিনায় সুপরিকল্পিতভাবে কার্পেটগুলো বিছানো হয়, যেন জিয়ারতকারীদের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। নামাজের জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহার এবং আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

মসজিদে নববীর সেবার মান বৃদ্ধি এবং প্রতিটি ছোটখাটো বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়ার অংশ হিসেবেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। এর মাধ্যমে মুসল্লিদের জন্য ইবাদতের উপযুক্ত ও প্রশান্তিময় পরিবেশ সবসময় ধরে রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আরব নিউজ

এনটি