বিজ্ঞাপন

দর্শনার্থীদের মুগ্ধ করে ব্রাজিলের যে মসজিদ

দর্শনার্থীদের মুগ্ধ করে ব্রাজিলের যে মসজিদ

ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু শহরের অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্থাপত্যের নাম ওমর ইবনে আল-খাত্তাব মসজিদ। শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদের সাদা রঙের গম্বুজটি দূর থেকেই পথচারীদের নজর কাড়ে। ১৯৮৩ সালে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে এই মসজিদটি চালু হয়। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মসজিদের আদলে নির্মিত এই অনন্য স্থাপনাটি বর্তমানে ভেতরের ও বাইরের সৌন্দর্যের কারণে লাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম ও প্রধান মসজিদে পরিণত হয়েছে।

ধর্মীয় ইবাদতগাহ হিসেবে নির্মিত হলেও মসজিদটি এখন এই অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা এই মসজিদে এসে ইসলামের সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এর স্থাপত্যশৈলী এবং শান্ত পরিবেশ যে কোনো দর্শনার্থীকে এক অন্যরকম প্রশান্তি দেয়।

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এই মসজিদ দর্শনের রয়েছে এক গভীর শিক্ষণীয় দিক। নির্দিষ্ট পোশাকবিধি মেনে পর্যটকরা মসজিদের ভেতরে প্রবেশ করতে পারেন এবং নামাজ আদায়ের মূল হলরুমটি ঘুরে দেখার সুযোগ পান। মসজিদের ভেতরের দেয়ালগুলো পবিত্র কোরআনের আয়াত এবং চমৎকার ক্যালিগ্রাফি দিয়ে সুসজ্জিত। 

এখানকার গাইডরা দর্শনার্থীদের ইসলামের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে বুঝিয়ে বলেন এবং তাদের কৌতুহলী প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের এই সহাবস্থান ফোজ দো ইগুয়াসু শহরের মূল পরিচয়কে ফুটিয়ে তোলে।

স্থাপত্যের দিক থেকে মসজিদটির গম্বুজটি ১৭ মিটার এবং মিনারটি ২৫ মিটার উঁচু। ভেতরের অংশটি ইসলামিক শিল্পের জ্যামিতিক নকশায় সাজানো হয়েছে। এখানকার বিশাল ও নিস্তব্ধ পরিবেশ ইবাদত ও ধ্যানের জন্য অত্যন্ত উপযোগী। ভ্রমণের সময় দর্শনার্থীরা পবিত্র রমজান মাস, ইসলামের পাঁচটি স্তম্ভ এবং মুসলিম বিশ্বাসের মূল ঐতিহ্যগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এটি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ভুল ধারণা দূর করতে ভূমিকা রাখছে।

শহরের জার্দিম সেন্ট্রাল এলাকায় অবস্থিত হওয়ায় যে কেউ খুব সহজে এখানে যাতায়াত করতে পারেন। কেন্দ্রস্থলের কাছে হওয়ায় একই দিনে অন্যান্য পর্যটন কেন্দ্রেও ঘুরে আসা সম্ভব। তবে মসজিদে প্রবেশের জন্য উপযুক্ত পোশাক থাকা আবশ্যক, বিশেষ করে নারীদের জন্য প্রবেশমুখেই মাথা ঢাকার স্কার্ফ বা হিজাবের ব্যবস্থা রয়েছে। এখানে প্রবেশ সম্পূর্ণ ফ্রি হলেও গাইডের সহায়তায় ঘুরে দেখার জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো।

ফোজ দো ইগুয়াসু শহরটি কেবল জলপ্রপাতের জন্যই বিখ্যাত নয়, এটি বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের এক চমৎকার মিলনমেলা। এই শহরে যেমন ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, তেমনই রয়েছে বৌদ্ধ মন্দির, ঐতিহাসিক গির্জা এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক কেন্দ্র। এই বহুসংস্কৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো পর্যটক এখানে ছুটে আসেন।

এনটি

বিজ্ঞাপন