সৌদি আরবের মদিনা প্রদেশে প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর সময় ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)- এর নাম সংবলিত একটি প্রাচীন শিলালিপি আবিষ্কার করা হয়েছে। দেশের হেরিটেজ কমিশন বা ঐতিহ্য কমিশন সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আল মাহদ গভর্নরেটে পরিচালিত প্রথম ও দ্বিতীয় ধাপের এক বিশাল জরিপ অভিযানে মোট ১ হাজার ৭৭৪টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে। খলিফা ওমরের নাম সংবলিত শিলালিপিটি মূলত এই আবিষ্কারেরই অংশ।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জরিপ দলগুলো ওই অঞ্চলে এর আগে সম্পূর্ণ অজানা ১৭৩টি প্রত্নতাত্ত্বিক স্থলের সন্ধান পেয়েছে, যা এই অঞ্চলের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহাসিক ঐতিহ্যের জানান দেয়।
এই পুরো আবিষ্কারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পাথরের গায়ে খোদাই করা ১৭৩টি বিশেষ চিহ্ন বা চিত্রকর্ম, যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাবের নাম খোদাই করা রয়েছে। এর পাশাপাশি পাথরে খোদাই করা বেশ কিছু প্রাচীন আরবি কবিতার চরণও উদ্ধার করা হয়েছে।
ঐতিহ্য কমিশনের পরিসংখ্যান বলছে, উদ্ধার হওয়া এসব নিদর্শনের মধ্যে রয়েছে এক হাজার দুইশত ঊনষাটটি পাথুরে চিত্রকর্ম, চারশত একষট্টিটি ইসলামিক শিলালিপি, প্রাচীন সামুদীয় ভাষার চৌত্রিশটি শিলালিপি এবং এগারোটি পাথরের তৈরি স্থাপনা। এছাড়া প্রাচীন তিনটি প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক কাঠামো, কাফেলা চলাচলের রাস্তার দুটি মাইলফলক এবং চারটি প্রাচীন কূপের সন্ধানও মিলেছে এই অভিযানে।
উল্লেখ্য, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রা. ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন মুসলিম সাম্রাজ্য শাসন করেছিলেন। তার শাসনামলের এই ঐতিহাসিক নিদর্শনগুলো বর্তমান মুসলিম বিশ্বের গবেষক ও ইতিহাসবিদদের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
এনটি
