বিজ্ঞাপন

সেনেগালের যে মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন ৩০ হাজার মুসল্লি

সেনেগালের যে মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন ৩০ হাজার মুসল্লি

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারে রয়েছে এই অঞ্চলের বৃহত্তম মসজিদ। ম্যাসালিকুল জিনান নামের দৃষ্টিনন্দন এই মসজিদে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দেশটির মুরিদ সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত এই স্থাপনাকে ইসলাম এবং মুসলিম উম্মাহর বড় বিজয় হিসেবে অবিহিত করেছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল।

জমকালো আয়োজনের মাধ্যমে মসজিদটি উদ্বোধন হয় ২০১৯ সালে। উদ্বোধনী দিনে জুমার নামাজে অংশ নিতে সেনেগালের ১৪টি অঞ্চলের হাজার হাজার মুসলমান রাজধানী ডাকারে সমবেত হন। মুরিদ ব্রাদারহুডের খলিফা সেরিগনে মুনতাখা বাসিরু এমবাকে এই উদ্বোধনী জামাতের ইমামতি করেন। এ সময় দেশটির বর্তমান প্রেসিডেন্ট ম্যাকি সাল এবং সাবেক প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদসহ জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নামাজ শেষে দেওয়া বক্তব্যে খলিফা এমবাকে বলেন, এই মসজিদ শুধু মুরিদ সম্প্রদায়ের কোনো একক সম্পদ নয়, এটি মূলত বিশ্বের সব মুসলমানের ইবাদতের স্থান। আসুন আমাদের ধর্মের একটি সুন্দর ও ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

উল্লেখ্য, সেনেগালের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি। সুন্নি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ১৮৮৭ সালে মুরিদ তরিকা প্রতিষ্ঠা করেন ইসলামি পণ্ডিত শায়খ বাম্বা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই এই বিশাল স্থাপনা তৈরি করা হয়।

এই মসজিদে আছে চারটি বড় কক্ষ এবং একটি সুবিশাল চত্বর, যেখানে অনায়াসেই ৩০ হাজার মানুষ জমায়েত হতে পারেন। নামাজ আদায়ের পাশাপাশি এখানে একটি অত্যাধুনিক ইসলামী ইনস্টিটিউট এবং সমৃদ্ধ লাইব্রেরিও গড়ে তোলা হয়েছে।

মসজিদ নির্মাণ প্রকল্পের অন্যতম প্রকৌশলী মাতার নিয়াং সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, ভেতরের কিছু সাজসজ্জা এবং সিলিংয়ের কাজ ছাড়া এই বিশাল মসজিদের বাকি সব নির্মাণকাজ স্থানীয় সেনেগালিজদের হাতেই সম্পন্ন হয়েছে। মসজিদটির নির্মাণকাজে পাঁচ শতাধিক শ্রমিক দিনরাত পরিশ্রম করেছেন।

প্রকল্পের আর্থিক বিষয়াদির দায়িত্বে থাকা এমবাকিউ ফায়ে জানান, মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক, যা মার্কিন ডলারের হিসাবে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার। এই বিপুল অর্থের পুরোটাই এসেছে সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তির আর্থিক অনুদান থেকে।

মসজিদ উদ্বোধনের দিনটিকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ম্যাকি সাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমি জাতীয় এই আবেগকে স্বাগত জানাই। ম্যাসালিকুল জিনান মসজিদটি শুধু একটি অসাধারণ স্থাপত্যই নয়, এটি আমাদের বিশ্বাসের শক্তির এক অনবদ্য প্রতীক। এটি ইসলাম এবং সব মুসলমানের জন্য একটি অনস্বীকার্য বিজয়।

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ৫০ লাখ, যার মধ্যে ৯০ শতাংশেরও বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। 

সূত্র : আনাদোলু এজেন্সি

এনটি