বিজ্ঞাপন

নরওয়েতে দিন দিন বাড়ছে মুসলিমের সংখ্যা

নরওয়েতে দিন দিন বাড়ছে মুসলিমের সংখ্যা

ইউরোপের দেশ নরওয়েতে খ্রিস্টধর্মের ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্য সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিপরীতে দেশটিতে বসবাসরত মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে। গত কয়েক দশকের পরিসংখ্যান বিশ্লেষণ করে নরওয়ের জাতীয় পরিসংখ্যান সংস্থা (এসএসবি) এই তথ্য জানিয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৯৪ সালে নরওয়ের মোট জনসংখ্যার ৮৫ শতাংশ চার্চ অফ নরওয়ের সদস্য ছিলেন। তবে ২০২৪ সালে এসে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬২ শতাংশে। শুধু ২০২৪ সালেই ১৫ হাজার মানুষ চার্চের সদস্যপদ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বিকল্প ধারার ধর্ম ও জীবনদর্শনে ঝুঁকছেন নরওয়ের নাগরিকেরা

চার্চ অফ নরওয়ের জনপ্রিয়তা কমলেও অন্যান্য ধর্মীয় এবং ভিন্ন জীবনদর্শনে বিশ্বাসী জনগোষ্ঠীর সংখ্যা এখন রেকর্ড ছুঁয়েছে। গত এক বছরে চার্চের বাইরে অন্য ধর্মীয় গ্রুপগুলোতে নতুন করে ১৮ হাজার সদস্য যোগ দিয়েছেন। এর ফলে দেশটির মূল চার্চের বাইরের ধর্মীয় সম্প্রদায়ের মোট সদস্য সংখ্যা এখন ৭ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে।

স্ট্যাটিস্টিক্স নরওয়ের তথ্যমতে, বর্তমানে নরওয়ের প্রায় ৪২ লাখ মানুষ কোনো না কোনো ধর্মীয় বা জীবন দর্শনভিত্তিক সম্প্রদায়ের সাথে নিবন্ধিত, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ। অবশ্য এই পরিবর্তনের পরও নরওয়েতে খ্রিস্টধর্মের প্রাধান্য এখনো সবচেয়ে বেশি। চার্চ অফ নরওয়েসহ অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের মোট সদস্য সংখ্যা বর্তমানে ৩৮ লাখের ওপরে।

সবচেয়ে বেশি প্রবৃদ্ধি মুসলিম কমিউনিটিতে

নরওয়েতে বর্তমানে সবচেয়ে দ্রুত বাড়ছে মুসলিমদের সংখ্যা। গত এক বছরেই দেশটির মুসলিম কমিউনিটিগুলোতে নতুন করে প্রায় ৭ হাজার সদস্য যুক্ত হয়েছেন। ২০০৬ সালের এক পরিসংখ্যানে নরওয়েতে নিবন্ধিত মুসলিমের সংখ্যা ছিল মাত্র ৭২ হাজার। তবে ২০২৫ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ১ লাখ ৯৭ হাজার অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

স্ট্যাটিস্টিক্স নরওয়ের উপদেষ্টা আন্দ্রেয়া ইহলার ইভেনসেন জানান, এই সদস্য তালিকা দেখে নরওয়ের সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগের একটি ধারণা পাওয়া যায়। তবে এর কিছু ভিন্ন দিকও রয়েছে। অনেক মানুষ কোনো প্রাতিষ্ঠানিক ধর্মীয় সংগঠনের সদস্য না হয়েও মনে মনে নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাস রাখতে পারেন। আবার অনেকে বিশ্বাসী না হয়েও শুধু পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির টানে চার্চ কিংবা মুসলিম সম্প্রদায়ের সাথে নাম লিখিয়ে রাখছেন।

বিশ্লেষকরা বলছেন, এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে নরওয়েজিয়ান সমাজ এখন একক কোনো ধর্মীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। দেশটি ধীরে ধীরে একটি বহুত্ববাদী সমাজের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন ধর্ম ও দর্শনের মানুষ একে অপরের পাশাপাশি সহাবস্থান করছেন।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

এনটি

বিজ্ঞাপন