বিজ্ঞাপন

জেদ্দা রেড সি মিউজিয়ামে হজের প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী

জেদ্দা রেড সি মিউজিয়ামে হজের প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী

লোহিত সাগরের বুক চিরে প্রাচীনকালে সমুদ্রপথে পবিত্র হজের যে ঐতিহাসিক যাত্রা হতো, তার এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক জেদ্দার ‘লোহিত সাগর জাদুঘর’। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই সামুদ্রিক হজযাত্রার ইতিহাসকে ধরে রাখতে জাদুঘরটিতে স্থাপন করা হয়েছে একটি বিশেষ প্যাভিলিয়ন। সেখানে প্রদর্শন করা হচ্ছে পবিত্র কোরআনের দুর্লভ ও আলোকোজ্জ্বল কপি, প্রাচীন ইসলামিক বই, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং মানচিত্র, যা একসময় সমুদ্রপথে মক্কায় আসা হাজিদের নিত্যসঙ্গী ছিল।

এই প্যাভিলিয়নে বিভিন্ন যুগের ঐতিহাসিক আলোকোজ্জ্বল পবিত্র কোরআনের অনুলিপি স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে সপ্তদশ শতাব্দীর চীনা পাণ্ডুলিপি, ঊনবিংশ শতাব্দীর কাশ্মীরি গ্রন্থ এবং উসমানীয় বা অটোমান আমলের পবিত্র কোরআনের একটি ছোট কপি। প্রতিটি নিদর্শনে রয়েছে নিখুঁত ও সূক্ষ্ম সোনার নকশা, শৈল্পিক ক্যালিগ্রাফি এবং চমৎকার বাঁধাই। এগুলো প্রাচীনকালের কোরআন অনুলিপি তৈরির উচ্চমানের দক্ষতা ও নিখুঁত কারুকার্যের কথাই মনে করিয়ে দেয়।

প্রদর্শনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় শিল্পকর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী এবং তার প্রশংসামূলক বিভিন্ন কবিতা। তবে সবকিছুর মধ্যে আলাদাভাবে নজর কাড়ছে ১৫০৬ খ্রিষ্টাব্দের একটি ঐতিহাসিক পাণ্ডুলিপি। পবিত্র হারামাইন শরিফাইন তথা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের দৃশ্য নিয়ে রচিত এই পাণ্ডুলিপিটি হজ যাত্রার বিবরণ সংবলিত ইতিহাসের অন্যতম সেরা দলিল হিসেবে বিবেচিত।

পবিত্র কোরআনের সংরক্ষণ, ক্যালিগ্রাফির বিবর্তন, অলংকরণ এবং বই বাঁধাইয়ের ঐতিহাসিক চড়াই-উতরাইকে চমৎকারভাবে ফুটিয়ে তোলার কারণে এই প্যাভিলিয়নটি দর্শনার্থীদের জন্য এক সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতার দুয়ার খুলে দিয়েছে। একই সাথে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নৌপথে লাখ লাখ হাজির আধ্যাত্মিক ও মানবিক যাত্রার ইতিহাসকে ধারণ করে রেখেছে, যা বিশ্বাস ও ঐতিহ্যের এক চিরন্তন দলিল।

এনটি