পবিত্র মক্কা নগরীর দুই পবিত্র মসজিদ স্থাপত্য প্রদর্শনীতে স্থান পেয়েছে এক বিরল ঐতিহাসিক ঘড়ি। প্রাচীন এই স্মারকটি মদিনার মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের সুদীর্ঘ ইতিহাসের এক অনন্য দলিল। ধারণা করা হয়, ঘড়িটি হিজরি ১২৭৭ (১৮৬০ খ্রিষ্টাব্দ) সালের। এটি দুই পবিত্র মসজিদের স্থাপত্য ও অভ্যন্তরীণ সাজসজ্জার পেছনে তৎকালীন মুসলিম শাসকদের সুদীর্ঘকালের গভীর মনোযোগের বিষয়টি প্রমাণ করে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই প্রদর্শনীতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই ঘড়ি। হিজরি ত্রয়োদশ শতাব্দীতে মসজিদে নববীতে সময় গণনার বিবর্তনের মূল্যবান নথিপত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘড়ি। তৎকালীন সময়ে নামাজের ওয়াক্ত ও ইবাদতের সঠিক সূচি নির্ধারণে ঘড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর নিখুঁত কার্যকারিতা এবং দৃষ্টিনন্দন নকশা ওই সময়ের ঘড়ি নির্মাণ শিল্পের উচ্চমানের এক অনন্য প্রতিচ্ছবি।
আরও পড়ুন
পবিত্র মক্কায় আসা দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী এখন একটি অন্যতম প্রধান সাংস্কৃতিক আকর্ষণ হয়ে উঠেছে। দুই পবিত্র মসজিদের সেবায় ব্যবহৃত দুর্লভ ঐতিহাসিক নিদর্শনগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিচ্ছে এই গ্যালারি।
একই সঙ্গে প্রদর্শনীতে সৌদি আমলের সেই সোনালী অধ্যায়কেও ফুটিয়ে তোলা হয়েছে, যার অধীনে দুই পবিত্র মসজিদের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ, উন্নয়ন ও সেবা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। ক্রমাগত বাড়তে থাকা ওমরাহ ও হজ পালনকারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বস্তির সাথে ইবাদত সম্পন্ন করার লক্ষ্যেই এই আধুনিকায়ন অব্যাহত রয়েছে।
এনটি
