বিজ্ঞাপন

স্ক্রিন আসক্তি নিয়ে যে সতর্কবার্তা মসজিদে নববীর ইমামের

স্ক্রিন আসক্তি নিয়ে যে সতর্কবার্তা মসজিদে নববীর ইমামের

বিনোদনের জন্য শুধু স্ক্রিন টাইম বা সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল বারি আল-সুবাইতি।  শুক্রবার জুমার খুতবায় তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত ডিজিটাল আসক্তি মানুষের মনোযোগ নষ্ট করে, মনের ভেতর এক ধরনের একাকীত্ব ও শূন্যতা তৈরি করে এবং পারিবারিক বন্ধনকে দুর্বল করে দেয়।

তিনি বলেছেন, ইসলামে বিনোদনের সুযোগ রয়েছে, তবে তা অবশ্যই শরীয়তের সীমার মধ্যে হতে হবে। বিনোদন যেন কোনোভাবেই ধর্মীয় দায়িত্ব পালনে অবহেলা তৈরি না করে, বরং ইবাদত ও আচার-আচরণে ইতিবাচক প্রভাব ফেলে এবং মনকে সতেজ করে সেদিকে খেয়াল রাখা জরুরি।

বিনোদনের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ পথ অনুসরণের ওপর জোর দেন শায়খ আস সুবাইতি। তিনি বলেন, এমন বিনোদন বেছে নেওয়া উচিত যা শারীরিক আনন্দের পাশাপাশি মানুষের আত্মিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে।

একইদিনে মসজিদুল হারামের খতিব ও ইমাম শায়খ উসামা খাইয়াত মুসলমানদের দুনিয়াবি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সংকট ও জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর ভরসা এবং তার সাহায্যই একজন মুমিনের জন্য সর্বোত্তম সম্বল।

জুমার খুতবায় শায়খ উসামা খাইয়াত বলেন, আল্লাহর সাহায্য মানুষের জীবন থেকে সব ধরনের ভয়ভীতি দূর করে প্রশান্তি এনে দেয়, সব উদ্বেগ-উৎকণ্ঠা মুছে দেয় এবং যেকোনো কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলে। এই প্রসঙ্গে হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের অলৌকিক ঘটনা ও কোরআনের বাণীর উদাহরণ টেনে তিনি বলেন, আল্লাহর ওপর অবিচল আস্থা রাখলে সব প্রতিকূলতা জয় করা সম্ভব।

খুতবার শেষ অংশে ইমাম উল্লেখ করেন, মহান আল্লাহর সাহায্য শুধু বিপদে রক্ষাকবচই নয়, বরং তা বান্দার রিজিক, সুরক্ষা ও সার্বিক কল্যাণের একমাত্র উৎস। দুনিয়াবি জীবনের নানা প্রলোভন, ব্যক্তিগত কুপ্রবৃত্তি এবং প্রাত্যহিক জীবনের পরীক্ষাগুলো কাটিয়ে উঠতে এই আল্লাহর সাহায্যই একজন মুমিনের প্রকৃত শক্তি ও অবিচলতা জোগায়।

এনটি