সাবলীল ও সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত। এর মাধ্যমে কোরআন তিলাওয়াত সুন্দর হবে এবং আত্মিক প্রশান্তি লাভ হবে। কোরআন তিলাওয়াত সুন্দর করার মূল চাবিকাঠি হলো তাজবিদের সব নিয়ম ভালোভাবে আয়ত্ত করা।
তিলাওয়াতকে এক ধাপ এগিয়ে নিতে অনুসরণ করতে হবে এমন ৪টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:
১. মাখরাজ বা উচ্চারণের স্থান জানুন
প্রতিটি বর্ণ নির্ভুলভাবে উচ্চারণ করতে শিখুন। সঠিক উচ্চারণ আয়াতের প্রকৃত অর্থ রক্ষা করে এবং প্রতিটি শব্দের সৌন্দর্য বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, তা বর্ণটি উচ্চারণের সময় জিভের ডগা ওপরের সামনের দাঁতের মাড়ির সঙ্গে স্পর্শ করে। এটি ইংরেজিতে টি অক্ষরের উচ্চারণের মতো একটি শব্দ তৈরি করে।
২. অক্ষরের বৈশিষ্ট্য বা সিফাত আয়ত্ত করুন
প্রতিটি অক্ষরের নিজস্ব বৈশিষ্ট্য—যেমন নরম করে পড়া কিংবা ভারী বা স্পষ্ট করে পড়া সম্পর্কে ধারণা রাখুন। এই সচেতনতা আপনার তিলাওয়াতের গাম্ভীর্য ও মাধুর্য বাড়িয়ে দেবে। উদাহরণস্বরূপ, সুকুনযুক্ত কলকলাহ বর্ণসমূহ—ক্বাফ, ত্বা, বা, জীম এবং দাল—একটি প্রতিধ্বনি বা লাফিয়ে ওঠার মতো শব্দ তৈরি করে উচ্চারণ করতে হয়।
৩. গুন্নাহ বা নাসিক্য ধ্বনি মার্জিত করুন
নুন সাকিন ও তানভিনের গুন্নাহ বা নাসিক্য ধ্বনির নিয়মগুলো তাজবিদের মূল ভিত্তি। এই নিয়মগুলোর সঠিক প্রয়োগ আপনার তিলাওয়াতের সাবলীলতা বহুলাংশে বাড়িয়ে দেবে।
৪. মদের নিয়ম বা ধ্বনি দীর্ঘ করা শিখুন
কোন ধ্বনি কখন এবং কীভাবে দীর্ঘ করতে হয় তা ভালোভাবে বুঝে নিন। সঠিক নিয়ম মেনে চললে তিলাওয়াতে চমৎকার ছন্দ ও গভীরতা আসবে। উদাহরণস্বরূপ, কোনো অক্ষরের ওপর যখনই মদের চিহ্ন থাকবে, সেটির উচ্চারণ কয়েক সেকেন্ড দীর্ঘ করে পড়তে হবে।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে অন্তরের প্রশান্তি
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।’ (সুরা রা‘দ, আয়াত : ২৮)
বারা ইবনু আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি সুরা আল-কাহ্ফ তিলাওয়াত করছিল, আর তার পাশ্বে একটি ঘোড়া দু’টি রশি দিয়ে বাঁধা ছিল, তিলাওয়াত করার সময় একটি বাদলের মতো ছায়া এসে ঘোড়াটিকে ঢেকে দিল, আর ওই বাদল ধীরে ধীরে ঘোড়ার নিকটবর্তী হচ্ছিল। ঘোড়া তা দেখে লাফালাফি করতে লাগল, যখন সকাল হলো তখন ওই ব্যক্তি রাসুলুল্লাহ (সা.) এর নিকট উপস্থিত হলো এবং তাকে ওই ঘটনা খুলে বলল তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, এ হলো শান্তি যা কোরআন তিলাওয়াতের কারণে অবতরণ করছিল।’ (বুখারি, হাদিস : ৫০১১)
এনটি
