শৈশব থেকেই সন্তানকে নৈতিক শিক্ষা এবং সন্তানের মাঝে ঈমানি চেতনা জাগ্রত করার প্রতি গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল-মুহসিন আল-কাসিম। শুক্রবার জুমার খুতবায় এই বিষয়ে আলোচনা করেন তিনি।
সন্তানদের আল্লাহর দেওয়া আমানত উল্লেখ করে শৈশব থেকেই সন্তানদের মনে ঈমানি চেতনা, সালাতের অভ্যাস এবং কোরআন অনুধাবনের শিক্ষা দেওয়ার জন্য পিতা-মাতার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি সন্তানদের সঙ্গে সদয় আচরণ করা, সুন্নাহ অনুযায়ী তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সফলতার জন্য দোয়া করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শায়খ আল-কাসিম খুতবার শেষে বলেন, সুসন্তান গড়ে তোলা পিতা-মাতার যৌথ দায়িত্ব, যা ইহকাল ও পরকালে নিরবচ্ছিন্ন কল্যাণ ও বরকত বয়ে আনে।
একইদিনে মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় খতিব শায়খ বান্দার বালিলা বলেছেন, চারপাশে বিভিন্ন পরীক্ষা ও সংশয়ের মাঝে ঈমানের ওপর অবিচল থাকা একজন মুমিনের নাজাতের পথ।
ঈমান টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হিসেবে আল্লাহর কাছে দোয়া, কোরআন অনুধাবন এবং নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা তুলে ধরেন শায়খ বালিলা। ফিতনা ও কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
এনটি
