বিজ্ঞাপন

বাসায় জামাতে নামাজ পড়ার নিয়ম

বাসায় জামাতে নামাজ পড়ার নিয়ম

আলেমদের মতে জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ। হাদিসে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘জামাতের সঙ্গে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদার।’ (বুখারি, হাদিস : ৬৪৫, মুসলিম, হাদিস : ৬৪০)

নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আজান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার সালাত হবে না।’ (ইবনে মাজাহ, হাদিস : ৭৯৩)

রাসুল (সা.) জামাতে অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন।

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘আমার প্রাণ যার হাতে, তার কসম করে বলছি! অবশ্যই আমি সংকল্প করেছি, আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেব, তারপর আমি নামাজের হুকুম দেব এবং এ জন্য আজান দেওয়া হবে, তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করব সে লোকদের নামাজ পড়াবে। এরপর আমি ওই লোকদের দিকে যাব, যারা জামাতে হাজির হয়নি। এবং তাদের বাড়িঘর তাদের সামনেই জ্বালিয়ে দেব।’ (সহিহ বুখারি, হাদিস : ২৪২০)

কোনো কারণে যদি বাসায় জামাতে নামাজ আদায়ের প্রয়োজন দেখা দেয় তাহলে ২টি বিষয় জেনে রাখা উচিত। এখানে তা তুলে ধরা হলো:

১. জামাতে নামাজের নিয়ত

যদি পরিবারের সঙ্গে জামাতে নামাজ আদায় করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে যিনি ইমাম হবেন, তিনি নামাজ শুরুর আগে ইমামতির নিয়ত করবেন। আর যারা মুসল্লি বা মুক্তাদি হবেন, তারা স্বাভাবিকভাবেই ইমামের পেছনে নামাজ আদায়ের নিয়ত করবেন।

২. জামাতে দাঁড়ানোর ক্ষেত্রে ইমাম ও মুসল্লিদের অবস্থান

বাসায় জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম মুসল্লিদের দাঁড়ানোর বিষয়টিতে খেয়াল রাখতে হবে:

  • ইমাম সামনে থাকবেন।
  • পুরুষ মুক্তাদিরা ইমামের ঠিক সামান্য পেছনে দাঁড়াবেন।
  • নারী মুক্তাদিরা তাদের পেছনে দাঁড়াবেন।

যদি জামাতে মাত্র দুজন থাকেন, যেমন স্বামী ও স্ত্রী এবং বাসায় জায়গার সমস্যা থাকে, তবে স্বামী সামনে থেকে নামাজ পরিচালনা করলেই চলবে। আর জামাতে যদি শুধু নারীরাই থাকেন, তবে নারী ইমাম জামাতের সামান্য সামনে দাঁড়াতে পারেন।

এনটি

বিজ্ঞাপন