বিজ্ঞাপন

অন্যের প্রতি সহানুভূতি প্রকাশের আহ্বান মসজিদে নববীর ইমামের

অন্যের প্রতি সহানুভূতি প্রকাশের আহ্বান মসজিদে নববীর ইমামের

তীব্র দাবদাহ ও চরম গরমের মধ্যে সবার প্রতি বিশেষ সহানুভূতি প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছেন মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ সালেহ আল-বুদাইর। একই সাথে গ্রীষ্মের তাপদাহের প্রভাব থেকে মানুষকে স্বস্তি দিতে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ( ৩১ জুলাই) মসজিদে নববীতে প্রদত্ত জুমার খুতবায় ইমাম এ কথা বলেন।

খুতবায় তিনি বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে মানুষ ও পশুপাখি উভয়ের সুবিধার্থে গণপরিসর, রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে সহজলভ্য সুপেয় পানির ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।

এর আগে ২৪ জুলাই শুক্রবার জুমার খুতবায় শৈশব থেকেই সন্তানকে নৈতিক শিক্ষা এবং সন্তানের মাঝে ঈমানি চেতনা জাগ্রত করার বিষয়ে আলোচনা করেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল-মুহসিন আল-কাসিম। 

সন্তানদের আল্লাহর দেওয়া আমানত উল্লেখ করে শৈশব থেকেই সন্তানদের মনে ঈমানি চেতনা, সালাতের অভ্যাস এবং কোরআন অনুধাবনের শিক্ষা দেওয়ার জন্য পিতা-মাতার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি সন্তানদের সঙ্গে সদয় আচরণ করা, সুন্নাহ অনুযায়ী তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সফলতার জন্য দোয়া করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শায়খ আল-কাসিম খুতবার শেষে বলেন, সুসন্তান গড়ে তোলা পিতা-মাতার যৌথ দায়িত্ব, যা ইহকাল ও পরকালে নিরবচ্ছিন্ন কল্যাণ ও বরকত বয়ে আনে।

এনটি