ভিড় কম থাকার সময়গুলোতে ওমরাহ পালনকারীদের মসজিদুল হারামে যাওয়ার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, সময় বুঝে ইবাদত ও ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে মাতাফ ও মাসআ এলাকায় চলাচল আরও সহজ হয় এবং কম ভিড়ে স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করা সম্ভব।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটি জানিয়েছে, সাধারণত রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মসজিদুল হারামে ভিড় তুলনামূলক কম থাকে।
অন্যদিকে, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সেখানে মাঝারি মাত্রার ভিড় থাকে। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকেই সময় পরিকল্পনা করলে মসজিদুল হারামের ভেতরে ভিড় ও চলাচলের জটিলতা কমানো সম্ভব। বিশেষ করে মাতাফ এলাকায়, যেখানে মুসল্লিরা কাবা শরিফ তাওয়াফ করেন, এবং সাফা ও মারওয়ার মধ্যবর্তী মাসআ এলাকায়, যেখানে সাঈ পালন করা হয়, সেখানে এটি বেশি কার্যকর।
ওমরাহ পালনকারীদের ইবাদতের সময় নির্ধারণের আগে বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার এবং সরাসরি ভিড়ের ঘনত্বের তথ্য বা লাইভ ক্রাউড-ডেনসিটি সূচক দেখে নেওয়ারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
এনটি
