কুমিল্লার প্রসিদ্ধ আলেম ও প্রবীণ ইমাম-খতিব মাওলানা ছাদেকুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন কুমিল্লা শহরের বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা ছাদেকুর রহমান। সবশেষ প্রায় ১৮ বছর ধরে তিনি কুমিল্লা সালাহউদ্দিন রোডের সদর হাসপাতাল মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসার মেধাবী শিক্ষার্থী ছিলেন। ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি দ্বীনি শিক্ষা ও ইসলামের প্রচার-প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পূর্ব নলুয়া উত্তরপাড়ায়, আমড়াতলী এলাকায়। তার ইন্তেকালের সংবাদে কুমিল্লার ধর্মীয় অঙ্গনসহ আত্মীয়স্বজন, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এনটি
