বিজ্ঞাপন

আত্মিক প্রশান্তি পেতে প্রতিদিন এই ১০ আমলে গুরুত্ব দিন

আত্মিক প্রশান্তি পেতে প্রতিদিন এই ১০ আমলে গুরুত্ব দিন

অর্থনৈতিক টানাপোড়েন, পারিবারিক সমস্যা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ অনেক সময় মনের প্রশান্তি কেড়ে নেয়। তবে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে অন্তরের প্রশান্তি লাভ করতে পারে একজন মুমিন ব্যক্তি। নিয়মিত কিছু আমল মানুষের মনকে স্থির রাখতে এবং জীবনে বরকত আনতে সহায়ক হতে পারে। প্রতিদিন খুব সহজেই করা যায় এমন কয়েকটি আমল তুলে ধরা হলো।

ফরজ ও সুন্নত নামাজ আদায়

নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সময়মতো আদায়ের পাশাপাশি সুন্নত নামাজগুলো আদায়ের চেষ্টা করা উচিত। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সামনে নিজের কথা তুলে ধরতে পারে এবং তার কাছে সাহায্য ও প্রশান্তি চাইতে পারে। তাই ব্যস্ততার মধ্যেও নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

কোরআন তিলাওয়াত

কোরআন মুমিনের জন্য হেদায়াত ও আলোর পথ। প্রতিদিন নির্দিষ্ট সময় করে কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত। শুধু তিলাওয়াত নয়, আয়াতের অর্থ বোঝা এবং তা জীবনে বাস্তবায়নের চেষ্টা করাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। কোরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে সাহায্য করে।

প্রত্যেক কাজ শুরুর দোয়া

ইসলাম জীবনের ছোট-বড় সব কাজে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। খাবার শুরু, ঘর থেকে বের হওয়া, ঘুমানো, সফরসহ বিভিন্ন কাজের জন্য রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এসব দোয়া পড়ার অভ্যাস আল্লাহর সাহায্য ও বরকতের লাভের মাধ্যম হতে পারে।

জিকির করা

জিকির অন্তরকে জীবিত রাখার অন্যতম মাধ্যম। কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এবং বেশি বেশি ইস্তিগফার করা যেতে পারে। আল্লাহ তায়ালা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।

সাধ্যমতো দান-সদকা

দান-সদকা শুধু অভাবী মানুষের উপকার করে না, দাতার মনেও প্রশান্তি তৈরি করে। সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখীকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া কিংবা কোনো প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সদকার অন্তর্ভুক্ত। দানের পরিমাণ বড় হওয়া জরুরি নয়; নিয়ত ও সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান করাই গুরুত্বপূর্ণ।

তওবার নামাজ

মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। কোনো গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে তওবা করা উচিত। সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ আদায় করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা যায়। তওবার মাধ্যমে বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসে। এতে অন্তরের ভারও অনেকটা হালকা হয়।

গুনাহমুক্ত থাকা

প্রশান্ত জীবনযাপনের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখ, কান, জবান ও হাত-পা—সব অঙ্গকে হারাম থেকে হেফাজত করতে হবে। গুনাহ মানুষের অন্তরে অস্থিরতা তৈরি করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে। তাই প্রকাশ্য ও গোপন সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত।

হাসিমুখে কথা বলা

অন্যের সঙ্গে সুন্দর ও হাসিমুখে কথা বলাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আন্তরিক হাসি কিংবা কোমল কথা মানুষের মন ভালো করে দিতে পারে। রাসুলুল্লাহ (সা.) মানুষের সঙ্গে সদাচরণে উৎসাহ দিয়েছেন। তাই পরিবার, সহকর্মী, বন্ধু কিংবা অপরিচিত মানুষের সঙ্গেও বিনয়ের সঙ্গে কথা বলা উচিত।

অন্যের উপকার করা

মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো প্রশান্তি পাওয়ার অন্যতম সুন্দর উপায়। কারও বিপদে সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, কাউকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা কিংবা কোনো মানুষের কষ্ট লাঘব করা—সবই নেক কাজ। অন্যের উপকারের মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা বাড়ে এবং নিজের জীবনেও ইতিবাচক অনুভূতি তৈরি হয়।

প্রতিবেশী, আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া

ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং প্রতিবেশীর হক আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ব্যস্ততার মধ্যেও নিয়মিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়া উচিত। কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদে পাশে দাঁড়ানো কিংবা প্রয়োজনের সময় সহযোগিতা করা সম্পর্ককে দৃঢ় করে। এতে একাকিত্ব কমে এবং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বাড়ে।

প্রশান্তি শুধু বাহ্যিক স্বাচ্ছন্দ্য বা অর্থ-সম্পদের ওপর নির্ভর করে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, ইবাদত-বন্দেগিতে যত্নশীল হওয়া এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার মধ্যেও প্রকৃত প্রশান্তি নিহিত। তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও এসব আমল নিজের জীবনের অংশ করে নেওয়ার চেষ্টা করা উচিত।

এনটি