নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। একজন মুমিনের দৈনন্দিন জীবনে নামাজ শুধু নির্দিষ্ট কিছু সময়ের আনুষ্ঠানিকতা নয়; বরং ঈমান, আমল ও আল্লাহর সঙ্গে সম্পর্কের গুরুত্বপূর্ণ পরিচায়ক। এ কারণেই সাহাবায়ে কেরাম নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন।
হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। অধীনস্ত কর্মচারীদের নামাজের গুরুত্ব বোঝাতে তিনি বলেছেন, ‘নিশ্চয়ই আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাজত করল, যত্নসহকারে আদায় করল, সে তার দ্বীনকে হেফাজত করল। আর যে তাতে অবহেলা করল, (দ্বীনের) অন্যান্য বিষয়ে সে আরও বেশি অবহেলা করবে।’ (মুয়াত্তা মালেক, হাদিস: ৬)
এই বক্তব্যে নামাজের গুরুত্বের একটি গভীর দিক ফুটে ওঠে। মানুষের জীবনে অনেক দায়িত্ব, ব্যস্ততা ও প্রয়োজন থাকে। চাকরি, ব্যবসা, পরিবার কিংবা সামাজিক নানা কাজে ব্যস্ত থাকার মধ্যেও একজন মুসলমানের জন্য নামাজকে অগ্রাধিকার দেওয়া জরুরি। কারণ নামাজ মানুষকে বারবার তার সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দেয় এবং জীবনের মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্ক অটুট রাখে।
হজরত ওমর (রা.)-এর বক্তব্য থেকে আরও বোঝা যায়, নামাজের প্রতি যত্নশীলতা একজন মানুষের অন্যান্য আমলের ওপরও প্রভাব ফেলে। যে ব্যক্তি সময়মতো নামাজ আদায়ে সচেতন, তার মধ্যে দায়িত্বশীলতা ও আত্মসংযম গড়ে ওঠে। বিপরীতে নামাজে অবহেলা ধীরে ধীরে অন্যান্য দ্বীনি দায়িত্বেও গাফিলতির কারণ হতে পারে।
আজকের ব্যস্ত জীবনে অনেকেই কাজের চাপ, ঘুম কিংবা নানা ব্যস্ততার কারণে নামাজে অনিয়ম করেন। অথচ একজন মুসলমানের দৈনন্দিন রুটিনে নামাজকে অগ্রাধিকার দিলে জীবন আরও শৃঙ্খলিত হতে পারে। সময়মতো, মনোযোগ ও যত্নসহকারে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা একজন মুনিমের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এনটি
