বিজ্ঞাপন

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?

প্রতি বছরই প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে রমজান মাস। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোমবার। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার পর।

গত রমজান শেষ হয়েছে মার্চ মাসে। এরই মধ্যে সামনে আসছে ২০২৭ সালের রমজান। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান ৮ ফেব্রুয়ারি সোমবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ইসলামি চান্দ্রবর্ষের মাসগুলো সৌর বছরের চেয়ে প্রায় ১১ দিন কম। এ কারণেই প্রতি বছর রমজান একটু একটু করে এগিয়ে আসে। রমজান শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয় সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার সিদ্ধান্তের পর। 

বর্তমান জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই মুসলমানরা প্রথম তারাবির নামাজ পড়বেন। পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে প্রথম রোজা।

রমজান ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। রমজান মাসের শেষও নির্ভর করবে নতুন চাঁদ দেখার ওপর। শাওয়ালের চাঁদ দেখা গেলে শুরু হবে ঈদুল ফিতর। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর শুরু হতে পারে।

ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজান। রমজান মাস বছরের সবচেয়ে পবিত্র সময়গুলোর একটি।এই মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। রমজান মাসে মুসলমানরা প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। এ সময় পানাহার ও ধূমপান থেকে বিরত থাকার পাশাপাশি নামাজ, দান-সদকা, আত্মসংযম, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়।

২০২৭ সালের সম্ভাব্য রমজান শুরুর আর প্রায় ১৬০ দিন বাকি।  আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিমপ্রধান দেশগুলো পবিত্র মাসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবে। মসজিদ ও জনসেবামূলক বিভিন্ন ব্যবস্থা প্রস্তুত করার পাশাপাশি দেশগুলো রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়াও ঘোষণা করবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব আগের চেয়ে অনেক বেশি নির্ভুল হলেও রমজান শুরুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও ইসলামী রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপ নির্ভরশীল।

সূত্র : গালফ নিউজ

এনটি