বিজ্ঞাপন

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নামাজ আদায় করতে হয় পবিত্র অবস্থায়। তাই নামাজ আদায়ের আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা জরুরি। নামাজের জন্য শরীরকে অপবিত্রতা ও নোংরা থেকে মুক্ত রাখার পাশাপাশি  শরিয়তসম্মত পবিত্রতা অর্জন করতে হয়। প্রত্যেক ফরজ নামাজের আগে অজু করা আবশ্যক। অজুর সময় শরীরের যেসব অংশ সাধারণত ময়লা ও ধুলাবালির সংস্পর্শে আসে, সেগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়।

অজুর করার কারণ

অজু মানুষকে দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য আলাদা হয়ে ইবাদতের প্রস্তুতি নিতে সাহায্য করে। এতে মন ও হৃদয় সতেজ হয় এবং পবিত্র ও পরিচ্ছন্ন অনুভূতি তৈরি হয়। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন—

হে মুমিনরা, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও। মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো, তাহলে ভালোভাবে গোসল করে নাও। আর যদি তোমরা অসুস্থ হও, সফরে থাকো, তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা নারীদের সঙ্গে সহবাস করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। আল্লাহ তোমাদের ওপর কোনো কষ্ট চাপিয়ে দিতে চান না; বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তার নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞ হও। (সুরা আল-মায়েদা, আয়াত : ৬)

অজু করার নিয়ম

মুসলিমরা যেকোনো আমল শুরু করার আগে নিয়ত করেন। তাই অজুর শুরুতে মনে মনে নামাজের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র হওয়ার নিয়ত করতে হয়। এরপর বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে হয়।

অল্প পরিমাণ পানি ব্যবহার করেই অজু করা যায়। অজুর ধাপগুলো হলো—

হাত তিনবার ধুতে হবে। আঙুলের ফাঁকসহ কবজি পর্যন্ত পুরো হাতে পানি পৌঁছাতে হবে। মুখে তিনবার পানি দিতে হবে এবং ভালোভাবে কুলি করতে হবে। নাকে তিনবার পানি দিতে হবে। ডান হাত দিয়ে নাকে পানি টেনে নিতে হবে এবং বাম হাত দিয়ে তা পরিষ্কার করতে হবে। মুখমণ্ডল তিনবার ধুতে হবে। কপাল থেকে থুতনি পর্যন্ত এবং এক কান থেকে অন্য কান পর্যন্ত পুরো মুখ ধুতে হবে। কনুইসহ দুই হাত তিনবার ধুতে হবে। ডান হাত দিয়ে শুরু করতে হবে। ভেজা হাত দিয়ে মাথা একবার মাসেহ করতে হবে। সামনের দিক থেকে পেছনে নিয়ে আবার সামনের দিকে আনতে হবে। ভেজা আঙুল দিয়ে কানের ভেতর ও বাইরের অংশ একবার মাসেহ করতে হবে। টাখনু পর্যন্ত দুই পা তিনবার ধুতে হবে। ডান পা দিয়ে শুরু করতে হবে।

অজু শেষে একটি দোয়া পড়া মুস্তাহাব। দোয়াটি হলো— আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ তার বান্দা ও রাসুল।

অজু শেষ করার পর দুই রাকাত নামাজ পড়াও মুস্তাহাব।

এনটি