বিজ্ঞাপন

হুথিদের হামলায় সৌদি আরবে মসজিদ ক্ষতিগ্রস্ত

হুথিদের হামলায় সৌদি আরবে মসজিদ ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এছাড়া ওই এলাকায় বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি আরবের জাজান প্রদেশের আল-তুওয়াল অঞ্চলে হুতি মিলিশিয়াদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়

হুতিদের ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হানার পর মসজিদটির পাশাপাশি আশপাশের অন্যান্য ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। এতে দুজন আহত হন। সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে এ ধরনের ঘটনার জন্য নির্ধারিত জরুরি ব্যবস্থা গ্রহণ করে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, মসজিদসহ বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। গোষ্ঠীটি দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সৌদি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

সূত্র : আল জাজিরা

এনটি