‘রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ’

বিয়ে করে বাড়ি ফেরার পথে বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেছেন, খুলনা–মোংলা মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ নিহতদের ভুলত্রুটি ক্ষমা ও স্বজনদের ধৈর্য ধারণ করার তওফিক দান করুন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেছেন, যুদ্ধ কবলিত দেশ ছাড়া একসাথে একই পরিবারের ৯ জন সহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না।
তিনি বলেন, আসলে আমরা যখন রাস্তায় বের হই, যুদ্ধের ময়দানের মতো জীবনের শঙ্কা নিয়েই বের হই।
বিজ্ঞাপন
সড়কের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা আর ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ।
সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার, বাস-মালিক, চালক থেকে শুরু করে আমরা সবাই যদি সতর্ক না হই, ট্রাফিক আইন না মানি, সবাই যদি নিজেদের দায়িত্বটা পালন না করি, তবে এই রকম নির্মম মৃত্যু আমাদের নিয়মিত দেখে যেতে হবে।
বিজ্ঞাপন
সবশেষে তিনি বলেন, সড়কে সুশাসন বিলাসিতা নয়, এটি মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত। এই সুশাসন যদি নিশ্চিত করা না যায়, তবে বিয়ের যাত্রা হোক কিংবা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।
এনটি