World Cup Football Field

বিজ্ঞাপন

মরক্কো টিমকে অভিনন্দন জানালেন লিবিয়ার ইতিহাসবিদ ড. আলী সাল্লাবি

মরক্কো টিমকে অভিনন্দন জানালেন লিবিয়ার ইতিহাসবিদ ড. আলী সাল্লাবি

২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকের নাম ছিল মরক্কো। প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলা আটলাস লায়নরা এবার সবার আগে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। দাপুটে পারফরম্যান্সে ৩-০ গোলে জিতে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডাকে বিদায় করেছে হাকিমি-দিয়াজ-উনাহিরা।

এমন দাপুটে জয়ের পর আফ্রিকার দেশ মরক্কোকে অভিনন্দন জানিয়েছেন লিবিয়ান ইতিহাসবিদ ড. আলী মুহাম্মাদ সাল্লাবি। নিজের এক্স অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক পেজে মরক্কো টিমকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।

ড. আলি মুহাম্মাদ সাল্লাবি বলেছেন, মরক্কোর এই জয় আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর বিধান (সুন্নাহ) কারো প্রতি পক্ষপাতিত্ব করে না। যেকোনো কাজে সফলতা আসে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ, নিখুঁতভাবে কাজ সম্পাদন এবং সর্বোচ্চ প্রচেষ্টা বিলিয়ে দেওয়ার মাধ্যমে; আর এই সবকিছুর পূর্ণতা পায় আল্লাহর ওপর সুদৃঢ় ভরসার (তাওয়াক্কুল) মাধ্যমে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় ও সাফল্য একমাত্র আল্লাহর দান।

মরক্কোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ফুটবল বিশ্বকাপে মরক্কোর এই অভাবনীয় সাফল্যে তাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের এই সাফল্যকে বরকতময় করেন এবং প্রতিটি সাফল্যকে আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশের উসিলা বানিয়ে দেন। যেমনটি মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব।

প্রসঙ্গত, ড. আলি মুহাম্মাদ সাল্লাবি একজন ইতিহাস গবেষক। ইসলামের ইতিহাসের উপর বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন।

১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজি শহরে জন্মগ্রহণ করেন তিনি। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা বেনগাজিতেই করেন। যৌবনের প্রারম্ভেই গাদ্দাফির প্রহসনের শিকার হয়ে শায়খ সাল্লাবি আট বছর বন্দি থাকেন। মুক্তি পাওয়ার পর উচ্চ শিক্ষার জন্য তিনি সাউদি আরব চলে যান। 

ড. আলি সাল্লাবির রাজনৈতিক দীক্ষাগুরু বিশ্বখ্যাত ফকিহ ও রাজনীতিক ড. ইউসুফ আল কারজাবি। কারজাবির সান্নিধ্য অর্জনে তিনি ১৯৯৯ সালে কাতার গমন করেন। নতুন ধারায় সিরাত ও ইসলামী ইতিহাসের তাত্ত্বিক গ্রন্থ রচনা করে ড. আলি সাল্লাবি অনুসন্ধিৎসু পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেন।

নবীজির পুর্ণাঙ্গ সিরাত, খুলাফায়ে রাশিদিনের জীবনী, উমাইয়া খিলাফত, আব্বাসি খিলাফত, উসমানি খিলাফতের উত্থান-পতনসহ ইসলামী ইতিহাসের সাড়ে তেরোশ বছরের ইতিহাস রচনা করেছেন তিনি। এছাড়াও ইসলামী ইতিহাসে বিশেষ খ্যাতি অর্জন করা ব্যক্তিদের নিয়ে তিনি আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছেন। 

এনটি