বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ জেতানো ছাড়াও অসংখ্য সাফল্য এসেছে তার হাত ধরে। আন্তর্জাতিক ক্রিকেটটা অনেক আগে ছাড়লেও তাকে নিয়ে এখনো উন্মাদনা এতটুকুন কমেনি। ভক্তদের কাছে এখনো সেই চিরচেনা ধোনি রূপেই আছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। ভারতের ক্রিকেটপাড়ায় এখনো কান পাতলে আপনি শুনতে পারবেন একটাই নাম ‘ধোনি ধোনি’।
বাইশগজে নেতৃত্বগুণ ছাড়াও মাঠের বাইরেও ‘কুল ক্যাপ্টেন’ ধোনি। তাকে নিয়ে প্রশংসা হোক কিংবা সমালোচনা, কখনোই কিছু গায়ে মাখেন না। জীবনকে নিজের মতো করে বাঁচতেই ভালোবাসেন। সম্প্রতি ধোনির বিমানযাত্রার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই ফুঁসে উঠেছেন তার ভক্তরা। ধোনির হয়ে সুর চড়ালেন তারাই।
— Chakri Dhoni (@ChakriDhoni17) July 29, 2023
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনি বিমানে নিজের সিটে বসে ঘুমাচ্ছেন। আর তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক বিমানবালা পোজ দিচ্ছেন। এককথায় ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি তোলার স্বপ্নপূরণ করছেন তিনি। সেই আনন্দেই তিনি আত্মহারা। তার মুখের চওড়া হাসিই সে কথা বলে দিচ্ছে। কিন্তু ঘুমন্ত ধোনি পুরো বিষয়টা জানতেই পারেননি।
আরও পড়ুন: পরবর্তী আইপিএল খেলা নিয়ে যা বললেন ধোনি
আর এখানেই আপত্তি ধোনির অনুরাগীদের। তাদের প্রশ্ন, কেন ঘুমন্ত অবস্থায় ধোনির সঙ্গে ছবি ও ভিডিও করা হল? তিনি সেলিব্রিটি বলে কি বিমানেও তার কোনো প্রাইভেসি থাকবে না? অনেকের আবার দাবি, বিমান সংস্থার উচিত বিমানসেবিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।
এর আগে ধোনির বিমানযাত্রার একটি ভিডিও সামনে এসেছিল। যেখানে বিমানবালার সঙ্গে অত্যন্ত মিষ্টি করে কথা বলতে দেখা গিয়েছিল ধোনিকে। তার দেওয়া চকোলেটও গ্রহণ করেছিলেন মাহি। ভক্তের সঙ্গে ধোনির এমন মধুর আচরণ মুগ্ধ করেছিল অনুরাগীদের।
এফআই
