মাঠে খারাপ পারফরম্যান্স তো করছে-ই, মাঠের বাইরেও অপেশাদার আচরণে টালমাটাল পাকিস্তানের ক্রিকেট। স্বয়ং পিসিবি সভাপতি জাকা আশরাফের আচরণ তীব্র সমালোচনার মুখে পড়েছে। অধিনায়ক বাবর আজমের সঙ্গে যে ঝামেলা নেই সেটি প্রমাণ করতে তিনি তার গোপন মেসেজ ফাঁস করে বসেছেন। পিসিবি সভাপতির কাছ থেকে পাওয়া সেই স্ক্রিনশট ছড়িয়েছিলেন দেশটির টেলিভিশন সঞ্চালক ওয়াসিম বদামি। সে কারণে এবার তিনি ক্ষমা চেয়েছেন।
এর আগে পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ দাবি করে বলেছিলেন, অধিনায়ক বাবর পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে ভারত থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এমনকি ফোন না ধরায় তিনি জাকা আশরাফকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠান। কিন্তু বোর্ড প্রধান সেটিতেও সাড়া দেননি। তার এই মন্তব্য ঘিরেই মূলত নড়েচড়ে বসেন জাকা আশরাফ। নিজের স্বপক্ষে যুক্তি হাজির করতে তিনি বাবর ও পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন।
আরও পড়ুন
বাবর ও সালমান নাসিরের কথোপকথনে দেখা যায়, বোর্ডের চিফ অপারেটিং অফিসার বাবরকে প্রশ্ন করছেন তিনি বোর্ডের চেয়ারম্যানকে ফোন করেছেন কিনা। জবাবে বাবর লিখেছেন, তিনি জাকা আশরাফকে ফোন করেননি। এরপর থেকে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, পিসিবি প্রধান ও টিভি সঞ্চালক পড়েছেন সবার তোপের মুখে। এরপরই সঞ্চালক ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থন করেন।
— Waseem Badami (@WaseemBadami) October 29, 2023
তিনি বলেন, ‘অনেক সময় আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রেও সেটাই করতে হয়েছিল। কোনো সিদ্ধান্ত ঠিক হয়। আবার কোনো সিদ্ধান্ত ভুল। তবে এক্ষেত্রে আমার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ছিল। এভাবে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনা উচিত হয়নি।’
ওয়াসিম আরও বলেন, ‘অনুষ্ঠান শুরু হওয়ার ৫-৭ মিনিট আগে আমরা আশরাফের কাছে একটা ভিডিও বার্তা পাই। সেখানে উনি আমাদের সেই কথোপকথন প্রকাশ্যে আনতে বলেন। আমরা ভেবেছিলাম যে আশরাফের নির্দেশের পরে সেটা করা যায়। কিন্তু বাবরের কাছেও যে অনুমতি নিতে হবে সেটা মাথায় আসেনি। তার জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাটা সুখকর যাচ্ছে না। অথচ প্রথম দুটি ম্যাচে তারা জয় দিয়ে শুরু করেছিল। এরপর টানা চার ম্যাচেই হেরেছে বাবরের দল। যা তাদের সেমিফাইনালে ওঠার কাজটা অনেক কঠিন করে দিয়েছে। ৬ ম্যাচে ২ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান সাতে।
এএইচএস
