বিজ্ঞাপন

আবারও বৃষ্টি, ডিএল মেথডে কারা এগিয়ে?

আবারও বৃষ্টি, ডিএল মেথডে কারা এগিয়ে?

আরো একবার বৃষ্ট হানা দিয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে। বেঙ্গালুরুর এই বৃষ্টিকে অবশ্য আর্শিবাদ হিসেবেই নিতে পারে পাকিস্তান সমর্থকরা। কারণ বৃষ্টির কারণে যদি খেলা আর মাঠে না গড়ায় তাহলে পূর্ণ ২ পয়েন্ট পাবে পাকিস্তান।

দ্বিতীয় দফায় বৃষ্টি আসার আগে পর্যন্ত পাকিস্তানের ইনিংসে খেলা হয়েছে ২৫ ওভার ৩ বল। যেখানে ১ উইকেট হারিয়ে ২০০ রান তোলেছে পাকিস্তান। ডিএল মেথডে এই মুহুর্তে ২১ রানে এগিয়ে আছে বাবর আজমের দল।

আর যদি দ্রুত খেলা মাঠে গড়ায় এবং দ্বিতীয় দফায় কোনো ওভার কাটা না যায় তাহলে ৯৩ বলে পাকিস্তানকে করতে হবে ১৪২ রান। অর্থাৎ ৪১ ওভারে পাকিস্তানের লক্ষ্যমাত্রা ৩৪২ রান।

এর আগে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। যেখানে শাহিন আফ্রিদি ও হারিস রউফদের তুলোধুনো করে কিউইদের সংগ্রহ ৪০১ রান। রানপাহাড় তাড়া করতে গিয়ে ঝোড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। এরপরই বৃষ্টি হানা দেয় বেঙ্গালুরুতে।

এখন পর্যন্ত বিশ্বকাপে তিন জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান পাকিস্তানের। অন্যদিকে, কেইন উইলিয়ামসনদের অবস্থান চারে। পাকিস্তান আজ জিততে পারলে উভয়ের পয়েন্ট হবে সমান ৮ করে। কিন্তু সেমিতে উঠতে গেলে নেট রানরেটও বাড়াতে হবে বাবর আজমদের। সেজন্য তাদেরকে কিউইদের রানপাহাড় ৩৫ ওভারেই পেরোতে হতো। সেই হিসাবও এখন নতুন করে কষতে হবে!

এমন সমীকরণ মাথায় নিয়ে শুরুতেই ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি টিম সাউদির বলে মিড-অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে উইলিয়ামসনকে ক্যাচ দিয়েছেন। নিজের অভিষেক বিশ্বকাপে বেশ ছন্দে থাকা শফিক ফিরেছেন মাত্র ৪ রান করে। এরপর অধিনায়ক বাবরকে সঙ্গী করে তাণ্ডব চালান ফখর। চলতি বছরে তিনি কিউইদের বিপক্ষে ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি করেছিলেন। এবার সেটাকে নিয়ে গেলেন ৪-নম্বরে।

এইচজেএস