নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম কোনো টেস্ট ম্যাচে জিতল বাংলাদেশ। আজ (শনিবার) সিলেটে কিউইদের বিপক্ষে ১৫০ রানের বড় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিনি জানালেন তাদের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
শান্ত বলছিলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। আমার অর্ধেক কাজ শেষ হয়েছে। সবাই সামনের ম্যাচের জন্য মুখিয়ে আছে।’
এমন জয়ের পর অবশ্য শান্ত বাহবা দিচ্ছেন সতীর্থ ক্রিকেটারদের। এরপর একে একে নাম উল্লেখ করে শান্ত বলেন, ‘সবাইকে কৃতিত্ব দিচ্ছি। বিশেষ করে তাইজুল, নাইম, শরিফুল ও মেহেদীকে (মিরাজ)। সবাই ম্যাচটা উপভোগ করেছে। তবে আমরা ফলাফল নিয়ে ভাবিনি।’
আরও পড়ুন
বাংলাদেশ দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকায় এই জয় আদায় করে নেওয়া তরুণদের জন্য বড় সুযোগ ছিল বলে মনে করছেন শান্ত, ‘তরুণ ক্রিকেটার হিসেবে আমাদের জন্য এটা দারুণ সুযোগ ছিল— দলে অবদান রাখা ও জেতানোয়।’
তবে জয় পাওয়ার পরও ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চান শান্ত, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান করতে পারতাম। তবে বোলাররা ভালোভাবে শেষ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। যা দলকে আরও সাহায্য করবে।’
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর, মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে পুরো সিরিজেই শান্ত’র নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
এসএইচ/এএইচএস
