বিজ্ঞাপন

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় তারকা

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় তারকা

দীর্ঘদিন ধরেই একজন লেগস্পিনারের জন্য হাহাকার ছিল বাংলাদেশের। এদিক থেকে সাহস দেখিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএলসহ বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে পর্যাপ্ত সুযোগ না পাওয়া রিশাদ হোসেনকে তিনি দলের সঙ্গে রেখেছেন অনেকদিন। এরপর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আস্থার প্রতিদান দিচ্ছেন এই তরুণ স্পিনার। মেগা আসরে তার পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। অকপটেই তার প্রশংসা করেছেন সাবেক ভারতীয় তারকা দীনেশ কার্তিকও।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। বাংলাদেশের সুপার এইটে ওঠার পেছনেও তার ভূমিকা ছিল অনেক। টাইগারদের গুরুত্বপূর্ণ দুই ম্যাচেই দলের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বোলারও ছিলেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে মোড় ঘোরানো স্পেলে ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে নেন ১ উইকেট। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৪ রানে।

সুপার এইটে ওঠার দৌড়ে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা ছিল নেদারল্যান্ডসের সঙ্গে। তার আগে তাদের বিপক্ষেও রিশাদ মোড় ঘোরানো একটি স্পেল উপহার দেন। ডাচদের বিপক্ষে তিনি ৩৩ রানে শিকার করেন ৩ উইকেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দেন রিশাদ। তার এমন ঝলক দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই কার্তিকের। এই বিশ্বকাপে আইসিসি থেকে প্রথমবার ধারাভাষ্যের দায়িত্ব পাওয়া সাবেক এই ক্রিকেটার সে কথা অকপটে স্বীকারও করেছেন।

Dinesh Karthik joins England Lions coaching staff for India tour |  ESPNcricinfo
দীনেশ কার্তিক

বিশ্বকাপের গ্রুপ পর্বের রিভিউ নিয়ে ক্রিকবাজের আলোচনায় যোগ দিয়ে কার্তিক বলেন, ‘আমার পছন্দ হবে একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে রিশাদ হোসেন। সে যেভাবে বল করেছে তাতে আমি ভীষণ মুগ্ধ। উইকেট থেকে ছোবল আদায় করে নিয়েছে। সে হয়তো খুব বেশি উইকেট নেয়নি, কিন্তু দেখিয়েছে সে যে খুবই ভালো প্রতিভা।’

রিশাদের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হয়েছে বলেও মনে করেন কার্তিক, ‘আপনি বাংলাদেশ থেকে রিষ্ট স্পিনার বেরিয়ে আসতে খুব একটা দেখবেন না। আমার মনে হয় রিশাদের মাঝে তারা একটা দুর্দান্ত কিছু খুঁজে পেয়েছে।’

উল্লেখ্য, আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। যদিও এই রাউন্ডে টাইগারদের ম্যাচ শুরু ২১ জুন। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত’র দল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন ভারত ও শেষ ম্যাচে ২৫ জুন তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। সেখানেও অন্যান্য বোলারের পাশাপাশি রিশাদের ঝলকে দেখতে চাইবে পুরো বাংলাদেশ।

এএইচএস