বিজ্ঞাপন

সেঞ্চুরিকে ‘ডালভাত বানিয়ে ফেলা’ রুটের যত কীর্তি

অ+
অ-
সেঞ্চুরিকে ‘ডালভাত বানিয়ে ফেলা’ রুটের যত কীর্তি

ইংল্যান্ডের ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই নিজের দখলে রেখেছেন সাদা পোশাকে অপ্রতিরোধ্য জো রুট। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে ব্যাট হাতে রেকর্ড বইয়ে আরও একবার ঝড় তুললেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে টানা সেঞ্চুরিতে যেন মাইলফলক লুটিয়ে পড়েছে তার পায়ের কাছে। 

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি সংখ্যায় স্পর্শ করেন কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড। পরের ইনিংসেই আরেকটি সেঞ্চুরিতে ছাড়িয়ে গেলেন পূর্বসূরীকে। বর্তমান প্রজন্মের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি এখন তার দখলে, দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ ব্যাটারও এখন তিনি।

রুটের টানা দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে চালকের আসনে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কাকে ৪৮৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫৩ রান করেছে লঙ্কানরা। এ টেস্ট জিততে বাকি দু’দিনে ৮ উইকেট হাতে নিয়ে আরও ৪৩০ রান করতে হবে লঙ্কানদের। 

প্রথম ইনিংসে ১৪৩ রান করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ সেঞ্চুরিতে কুককে স্পর্শ করেছিলেন রুট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০টি চারে ১২১ বলে ১০৩ রান করে কুককে টপকে যান তিনি। এক সেঞ্চুরিতে কুককে টপকে যাওয়ার পাশাপাশি আরও অনেক কীর্তিও গড়েছেন রুট। চতুর্থ ব্যাটার হিসেবে লর্ডসের ভেন্যুতে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন তিনি। রেকর্ড সেঞ্চুরি গড়তে ১১১ বল খেলেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরির মধ্যে এটিই দ্রুততম শতক তার। 

বিজ্ঞাপন

লর্ডসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিকও হয়েছেন রুট। সেই সাথে এই ভেন্যুতে সর্বোচ্চ ২০২২ রান এখন তার। পেছনে পড়ে গেল গ্রাহাম গুচের ২০১৫ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানে কুককে পেছনে ফেলেছেন রুট।

কুকের ৬৫৬৮ রান টপকে রুট এখন পর্যন্ত করেছেন ৬৭৩৩। তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করেছেন রুট। ৩৪৮ ম্যাচে ৫০ সেঞ্চুরি আছে তার। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। ২০২১ সালের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরি করেছেন রুট।

এফআই