বিজ্ঞাপন

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক ব্রাজিল

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য ৩৯ ধাপ। তারপরও ভেনেজুয়েলাকে ছোট দল হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের শহর বেলেমে অনুশীলন করেছে দরিভালের দল। সেখানে এই ম্যাচ নিয়ে দরিভাল বলেছেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’-যোগ করেন তিনি।

May be an image of 5 people, people playing American football, people playing football and text

ছোট দলগুলো অনেক উন্নতি করেছে বলে মনে করেন দরিভাল। তিনি বলেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতেই হেরেছিল ব্রাজিল। তবে এরপর ঘুরে দাঁড়ায় দরিভালের দল। বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে প্লে অফ খেলে আসতে হবে।

এইচজেএস