বিজ্ঞাপন

নিরাপত্তা শঙ্কায় আইপিএল ছেড়ে দেশে ফিরতে চান অজি ক্রিকেটাররা

নিরাপত্তা শঙ্কায় আইপিএল ছেড়ে দেশে ফিরতে চান অজি ক্রিকেটাররা

প্রায় একই সময়ে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। কিন্তু ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের ছায়া পড়েছে এসব প্রতিযোগিতায়। ইতোমধ্যে পিএসএলের অবশিষ্ট আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। আইপিএল চালিয়ে যাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বিদেশি ক্রিকেটাররা। এমনকি অস্ট্রেলিয়ান তারকারা দেশে ফিরতে চান বলেও জানা গেছে।

আজ (শুক্রবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অজি সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত এজেন্টের বরাতে তারা বলছে, অজানা আতঙ্কের পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মাঝে নিরাপত্তাজনিত উদ্বেগ বেড়েই চলেছে। তাদের অনেকেই যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান। বিশেষ করে পাকিস্তান-ভারত সীমান্তে সংঘাত ও উত্তেজনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তারা।

গতকাল হামলা হতে পারে এমন আতঙ্কে আইপিএলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়ে যায়। পরে ম্যাচের ভেন্যু ধর্মশালা থেকে বিশেষ ট্রেনে তাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্যমতে– নিরাপদে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ক্রিকেটারদের। যদিও তাদের গন্তব্য নিশ্চিত হতে পারেনি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। এবারের আইপিএলে খেলছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড ও মিচেল মার্শসহ আরও কয়েকজন। এ ছাড়া রিকি পন্টিং ও ব্র্যাড হাডিন আছেন কোচের ভূমিকায়।

Aussies unite: Ricky Ponting, Matthew Hayden and Justin Langer pose for old time's sake, Punjab Kings vs Lucknow Super Giants, IPL, Dharamsala, May 4, 2025
তিন অস্ট্রেলিয়ান কিংবদন্তি, আইপিএলে রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার কোচ এবং ম্যাথু হেইডেন আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়

পাকিস্তান ও ভারতের পিএসএল-আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তবে পিএসএল নিয়ে আপাতত উদ্বেগ কমেছে অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টটি আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় ডেভিড ওয়ার্নার ও শন অ্যাবটরাও সেখানে উড়াল দিচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে পারেন তারা।

অন্যদিকে, চলমান আইপিএলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান ‘দ্য গ্রেড ক্রিকেটার’–এর দুই সঞ্চালক স্যাম পেরি ও ইয়ান হিগিনস তাদের লাইভ শো বাতিল করে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। সম্প্রতি ভারতীয় শ্রোতাদের জন্য তারা লাইভ শো চালু করেছিল। তবে উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় মুম্বাই থেকে মেলবোর্নের বিমানে চড়বেন বলে নিশ্চিত করেছেন পেরি-হিগিনস।

গতকাল আইপিএলের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আসর নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে টুর্নামেন্টের প্রধান নির্বাহী (সিইও) অরুণ ধুমাল বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এএইচএস