বিজ্ঞাপন

জয়সওয়ালদের সাথে খেলেছেন একসময়, লিঙ্গ পরিবর্তন করে নারী দলে খেলতে চান এখন

জয়সওয়ালদের সাথে খেলেছেন একসময়, লিঙ্গ পরিবর্তন করে নারী দলে খেলতে চান এখন

এক সময় খেলেছেন যশস্বী জয়সওয়াল, মুশির খানের মতো ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু লিঙ্গ পরিবর্তন করার পর ক্রিকেটার হওয়ার স্বপ্ন অনেকটা থমকে গেছে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গারের। গত বছর নিজেই জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের কথা।

দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন তিনি। এবার খেলতে চান নারীদের ক্রিকেটে। আর সে ব্যাপারে আবেদন করছেন আইসিসি এবং বিসিসিআইয়ের কাছে। একটি রিপোর্ট পেশ করে রূপান্তরিত হওয়ার প্রমাণও প্রকাশ্যে এনেছেন অনয়া।

 
 
 
 
 

রূপান্তরিত ক্রিকেটারদের নারী ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ নেই। ২০২৩ একদিনের বিশ্বকাপের পর এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে রিপোর্ট তুলে ধরে অনয়া দেখিয়েছেন, কেন রূপান্তরিত হলেও তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অনয়া। সেখানে বলেছেন, “রূপান্তরিত মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমার যে যাত্রা, তার একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট প্রথমবার সবার সামনে প্রকাশ করছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর পরিকল্পিতভাবে শারীরিক পরিবর্তন হয়েছে আমার। এই রিপোর্টে আমার রূপান্তরের বাস্তব প্রভাব দেখানো হয়েছে। কারও মতামত বা অনুমান নয়, স্রেফ তথ্য রয়েছে।”

 
 
 
 
 

তিনি আরও বলেছেন, “সম্পূর্ণ স্বচ্ছতা এবং আশা নিয়ে এই রিপোর্ট আমি বিসিসিআই এবং আইসিসির কাছে পাঠাব। তথ্যের ভিত্তিতে ওদের সঙ্গে কথাবার্তা বলতে চাই। নিজের জন্য জায়গা করে নিতে চাই।”

কিছুদিন আগে রূপান্তরিত হওয়ার ভিডিও সমাজমাধ্যমে দিয়েছিলেন অনয়া। জানিয়েছিলেন, ম্যানচেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) করিয়েছেন। তার শরীরের পেশির শক্তি, সহনশীলতা, গ্লুকোজ় এবং অক্সিজেনের মাত্রা সাধারণ কোনো নারী ক্রীড়াবিদদের মতোই। ফলে তিনি কোনও বাড়তি সুবিধা পাবেন না বলে জানিয়েছিলেন অনয়া।

ভিডিওর পরিচিতিতে অনয়া লিখেছেন, “বিজ্ঞান বলছে যে আমি মহিলাদের ক্রিকেট খেলার যোগ্য। প্রশ্ন হলো, সত্যটা শোনার জন্য গোটা বিশ্ব কি তৈরি?”

এফআই