বিজ্ঞাপন

ভারতকে হারিয়ে ইতিহাস গড়লেন বেন স্টোকস

ভারতকে হারিয়ে ইতিহাস গড়লেন বেন স্টোকস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের রানার্সআপ ভারত নতুন চক্র শুরু করেছে ইংল্যান্ড সফর দিয়ে। হেডিংলিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রেকর্ডগড়া পারফরম্যান্সেও হেরেছে ভারত। প্রথমবার ৫ সেঞ্চুরি ও টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করেও শুভমান গিলরা তিক্ত স্বাদ পেয়েছেন। তাদের ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় জিতে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও ইতিহাস গড়েছেন। 

বেন স্টোকস ইতিহাসের প্রথম অধিনায়ক, যার দল একাধিকবার টেস্টের চতুর্থ ইনিংসে ৩৫০–এর বেশি লক্ষ্য তাড়ায় জিতেছে। এখন পর্যন্ত টেস্টে ১৪ বার সাড়ে তিনশো’র বেশি তাড়ায় জয়ের রেকর্ড আছে বিভিন্ন দেশের। যেখানে কেবল স্টোকসের নেতৃত্বাধীন ইংলিশরাই দু’বার সেই কীর্তি গড়ল। এর আগেরবারও তাদের কাছে হারের শিকার হয়েছিল ভারত, ২০২২ সালে ৩৭৮ রানের লক্ষ্য পেরিয়েছিল স্টোকস-অ্যান্ডারসনরা।

যদিও ওই সময় ইংলিশদের টেস্ট অধিনায়ক ছিলেন জো রুট। ২০২১ সালে চার টেস্টের সিরিজে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তবে সিরিজের বাকি এক ম্যাচ পুনঃনির্ধারিত হয় পরের বছরের জুলাইতে। কিন্তু তখন ইংল্যান্ডের আর্মব্যান্ড ওঠে স্টোকসের হাতে। আর ভারত নিয়মিত অধিনায়কের বদলে জাসপ্রিত বুমরাহ’র বদলে সেই ম্যাচে নামে। ভারতকে হারিয়ে সেই বার্মিংহাম টেস্টে ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার সমান ৩৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে।

Ben Stokes dismissed B Sai Sudharsan for the second time in the match, England vs India, 1st Test, Leeds, Day 3, June 22, 2025

এ ছাড়া টেস্টে ২৫০ রানের বেশি লক্ষ্য তাড়ায় সর্বোচ্চ জয়ের রেকর্ডও আগে থেকেই দখলে ছিল স্টোকসের। তিনি মোট ৬ বার ইংলিশদের হয়ে এমন ম্যাচে জিতেছেন। আড়াইশ’র বেশি লক্ষ্য নিয়ে টেস্ট জয়ের এই তালিকায় এরপর আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৪), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩) ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৩)।

টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮৬১ রান করেও হারের রেকর্ড আছে ইংল্যান্ডের। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রান করে হারের নজির। তবে সেটি ছিল ১৯৪৮ সালে। আধুনিক ক্রিকেটে এমন তালিকায় থাকা পরের তিনটি ম্যাচেই জিতেছে ইংল্যান্ড। ৮৪৭ রান করা পাকিস্তান, নিউজিল্যান্ডের ৮৩৭ এবং সর্বশেষ ভারতের ৮৩৫ রানের পুঁজিও ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট ছিল না। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসের জুটিতে নির্মিত বাজবল ক্রিকেটের ফল এসব ম্যাচ। 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আগামী ২ জুলাই হবে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট, ভেন্যু এজবাস্টনের বার্মিংহাম।

এএইচএস