১৮তম আসরে এসে প্রথমবারের মতো আইপিএল শিরোপার স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তাই শিরোপা জয়ের উৎসবে মানুষের ঢল নেমেছিল। যদিও শেষ পর্যন্ত উৎসবের আনন্দ থাকেনি, পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন ১১ জন। সেই ঘটনায় কাঠগড়ায় বিরাট কোহলিদের দল আরসিবি ও কর্নাটক ক্রিকেট সংস্থা। এরই মধ্যে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে 'অযোগ্য' তকমা দিয়েছে বিচারপতি জন মাইকেল কুনহা কমিশন।
আহমেদাবাদে আইপিএল ফাইনাল জেতার পর দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, পরদিন বেঙ্গালুরুতে সমর্থকদের সঙ্গে তারা উল্লাস করবেন। সেদিন সকাল থেকেই বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমেছিল। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়ে। বিধান সৌধ ও চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় সবচেয়ে বেশি ছিল। পুলিশ সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।
বিচারপতি জন মাইকেল কুনহা কমিশন তাদের রিপোর্টে জানিয়েছে, ১৯৭৪ সালে নির্মিত চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় অনুষ্ঠান আয়োজন করা কঠিন। স্টেডিয়ামটি এমনভাবে তৈরি হয়েছে যেখানে বিশৃঙ্খলা হলে তা সামলানো সম্ভব নয়। এছাড়া স্টেডিয়ামের প্রবেশ ও প্রস্থানের পথ খুব ছোট। কোনো কোনো ম্যাচের আগে স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের লাইন প্রধান সড়ক পর্যন্ত চলে যায়। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। জরুরি অবস্থায় দর্শকদের বের করার আলাদা পথও নেই স্টেডিয়ামে।

রিপোর্টে বলা হয়েছে, এই মাঠে বড় অনুষ্ঠান আয়োজন যে অসম্ভব তার সবচেয়ে বড় প্রমাণ গত ৪ জুন স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু। ফলে ভবিষ্যতে সেখানে কোনো বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। ফলে কর্নাটক ক্রিকেট সংস্থাকে আলাদা ব্যবস্থা নিতে হবে। যদি তারা বিকল্প কোনো মাঠের ব্যবস্থা করতে চায় তাহলে সেখানে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।
পদপিষ্টের ঘটনার দায় বেঙ্গালুরু ও কর্নাটক ক্রিকেট সংস্থার উপরেই চাপিয়েছে কমিশন। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হওয়ার কথা। তার আগে কমিশনের এমন রিপোর্টের পর ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে টুর্নামেন্টের ভেন্যু বদলে যেতে পারে।
একই কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০২৬ সালে হতে যাওয়া ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরবর্তী আইপিএলের ম্যাচ হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বিরাট কোহলিরা কি তবে আইপিএলে তাদের ‘হোম ম্যাচ’ আর কখনো বেঙ্গালুরুতে খেলতে পারবেন না?
কর্নাটক ক্রিকেট সংস্থা এরই মধ্যে জানিয়েছে, ১১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মহারাজা ট্রফি টি-টোয়েন্টি লিগ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কিন্তু মাঠ দর্শকশূন্য থাকবে। ঘরোয়া প্রতিযোগিতায় এটা সমস্যা না হলেও আন্তর্জাতিক ম্যাচ দর্শকশূন্য ভেন্যুতে আয়োজন করা যাবে না। ফলে ক্রমেই বেঙ্গালুরুর এই ভেন্যুর ওপর চাপ বাড়ছে।
এএল/
