বিজ্ঞাপন

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ শুভমান গিল

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ শুভমান গিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও দেড় মাসের বেশি সময় বাকি। এরই মাঝে (শনিবার) মেগা ইভেন্টটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। যেখানে নেই অধিনায়ক হওয়ার আলোচনায় থাকা শুভমান গিলের নাম। সাম্প্রতিক সময়ে অবশ্য তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কি না সেই গুঞ্জন চলছিল। স্কোয়াড ঘোষণায় নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক সূর্যকুমার যাদব বুঝিয়ে দিলেন, সেখানে জায়গা নেই গিলের।

ভারতের ঘোষিত ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। সেখানে প্রশ্ন ওঠে গিলকে কেন বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি। জবাব এসেছে– কম্বিনেশনের কারণেই বাদ পড়লেন ভারতের বাকি দুই ফরম্যাটের অধিনায়ক। এর আগে ২০২৪ আসরেও একই কারণে তিনি বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে ছিলেন না।

গিলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় ভারতীয় নির্বাচক আগারকার বলেন, ‘আমরা জানি শুভমান কতটা ভাল ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেওয়া হয়নি। দলের কম্বিনেশনই সবার ওপরে থাকে। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হলো। আমরা কম্বিনেশন সাজানোয় মনোযোগ দিয়েছি। টপ অর্ডারে একজন উইকেটরক্ষক চেয়েছি আমরা। এই মুহূর্তে জিতেশ শর্মা আমাদের হাতে আছে। খুব খারাপ খেলেনি। কিন্তু টপ অর্ডারে একজন উইকেটরক্ষক থাকা দরকার।’

Suryakumar Yadav and Shubman Gill walk off amid a drizzle, Australia vs India, 1st T20I, Canberra, October 29, 2025

আগারকার জিতেশ শর্মার নাম নিলেও তরুণ এই ক্রিকেটার কিন্তু স্কোয়াডে নেই। কারণ ভারত চেয়েছিল টপঅর্ডার ব্যাটার। সে হিসেবে দারুণ ফর্মে থাকা ইশান কিষাণই ডাক পেয়েছেন। বাঁ-হাতি এই উইকেটরক্ষক ব্যাটার সম্প্রতি অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ঝাড়খন্ডকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতেছেন। যেখানে ইশানের ব্যাটে এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১৭ রান। তিনি ১৯৭.৩২ স্ট্রাইকরেট এবং ৫৭.৪৪ গড়ে ব্যাট করেছেন।

গিলের প্রসঙ্গে প্রায় একই কথা বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমারও, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০’র বেশি রান করেছিলাম এবং গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে বাদ দিতে হয়েছে। পরের দিকে রিংকু এবং ওয়াশিংটন রয়েছে। তাই ওপরের দিকে ইশানকে দরকার ছিল। গিলের ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই আমাদের।’

নিজেও সেভাবে ফর্মে নেই সূর্যকুমার। সেই প্রসঙ্গ এবং ঘরের মাঠে বিশ্বকাপ আসর নিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমি জানি কী করতে হবে, সেটাই করব। আপনারা আবার ব্যাটার সূর্যকে দেখতে পাবেন। খারাপ ফর্মটা অনেকদিন ধরে চলছে ঠিকই, তবে অতীতেও অনেক ক্রিকেটার খারাপ ফর্ম থেকে ভাল ফর্মে ফিরেছে। (ঘরের মাঠে বিশ্বকাপে নেতৃত্ব) আমার কাছে অনেক বড় দায়িত্ব। ঘরের মাঠের দর্শকদের সামনে খেলতে হবে। ভারসাম্যযুক্ত একটা দল পেয়েছি। সব পজিশনে ক্রিকেটারও রয়েছে। ইতিমধ্যেই ২-৩টা কম্বিনেশন তৈরি করে ফেলেছি।’

এএইচএস