রিপনের বোলিং নিয়ে যা বললেন তামিম

চলমান বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন রিপন মন্ডল। নিয়মিত পারফর্ম করার পাশাপাশি করেছেন হ্যাটট্রিকও। এর আগে ইমার্জিং ও বয়স ভিত্তিক দলের হয়েও পারফর্ম করেছেন এই পেসার। এই ফর্ম ধরে রাখতে পারলে তার সামনে ভালো দিন অপেক্ষা করছে বলে মনে করেন তানজিদ হাসান তামিম।
আজ বুধবার মিরপুরে রিপনকে নিয়ে তামিম বলেন, 'রিপন আমাদের জন্য খুব ভালো একজন সম্ভাবনাময় খেলোয়াড়, কারণ দেখুন, গত ইমার্জিং কাপেও সে সুপার ওভারে সেরা বোলিং করেছে। আশা করি, সে আগের চেয়ে অনেক উন্নতি করেছে। সুতরাং, আশা করি, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।'
রিপনের এমন বোলিং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তামিম, 'সে এখন ম্যাচে যেভাবে বোলিং করে, দারুণ ইয়র্কার মারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, এটি ভবিষ্যতে তার জন্য খুব ভালো কাজে লাগবে।'
রাজশাহীর পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, 'হ্যাঁ, অবশ্যই, আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যে লক্ষ্য নিয়ে প্রথম থেকে এগোচ্ছিলাম, হয়তোবা একটি-দুটি ম্যাচ আমাদের অনুকূলে ছিল না। আমরা সেই নির্দিষ্ট দিনে নিজেদের দক্ষতা দেখাতে পারিনি, এজন্য হেরে গিয়েছি।'
'তবে, যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আশা করি, আমরা যে লক্ষ্য নিয়ে এই মিশন শুরু করেছিলাম, সেদিকে ভালোভাবে এগোচ্ছি।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস