ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছি : তাওহিদ হৃদয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় এই সময়ে নতুন একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা। আজ সেখানে গা গরম করতে ফুটবল খেলতে দেখা যায় ক্রিকেটারদের।
অনুশীলনে ফুটবল খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে তাওহিদ হৃদয় লিখেছেন, 'তেমন কিছুই না, ফুটবল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছি।' মজা করে দেওয়া এই পোস্টের শেষে অবশ্য কিছু হাসির ইমোজি যোগ করেছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ফলে ওই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। দেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটাররা অংশ নেবেন সেখানে।
তিন দলের অংশগ্রহণে হবে বিসিবির এই টুর্নামেন্ট। যেখানে ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলি। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে সর্বমোট বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকা।
টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লিগপর্বের ম্যাচ, আর ৯ ফেব্রুয়ারি গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে এই পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।
এইচজেএস