অলিম্পিকের সভায় টিটি-ব্যাডমিন্টনের সমস্যা সমাধান

ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয় দুপুরে। ঐতিহাসিক পদক্ষেপের ঘণ্টা খানেক পরই ময়মনসিংহের ত্রিশালে সেনাবাহিনী প্রশিক্ষণ ক্যাম্পে অলিম্পিকের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আসন্ন এশিয়ান বিচ, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
আজকের অলিম্পিকের সভায় ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানও ছিলেন। অলিম্পিকের কমিটিতে বিভিন্ন ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন। তারা তাদের বিভিন্ন সমস্যার কথা মিটিংয়ে উপস্থাপন করেন।
নির্বাহী সভা শেষে অলিম্পিকের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) বলেন, ‘টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের এসির সমস্যা প্রকট। মন্ত্রণালয়ের সচিব ও এনএসসি ইডি (নির্বাহী পরিচালক) উভয়ে দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগের আশ্বাস দিয়েছেন।’
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘গরমে ইনডোরে খেলা অসম্ভব। এসি খেলা উপযোগী করতে কয়েক কোটি টাকা প্রয়োজন। যা আমাদের দুই ফেডারেশনের পক্ষে বহন করা সম্ভব নয়। আজ আমরা মন্ত্রণালয়ের সচিবের কাছ থেকে এসি সমস্যা সমাধানে আশ্বাস পেয়েছি।’
টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘ইনডোরে এসির কাজ এখন শুরু করলে ৩-৪ মাস লাগবে। আমরা আশাবাদী, এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে। আজকের সভায় জাতীয় ক্রীড়া পরিষদে একটি ফিটনেস সেন্টার নির্মাণের আলোচনা হয়েছে।’
এই বছর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গেমস এশিয়াড, যা সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। ২০২ জনের একটা খসড়া সংখ্যা নির্ধারিত হয়েছে। এ নিয়ে সহ-সভাপতি ইমরোজ বলেন, ‘প্রাথমিকভাবে ২৯ ডিসিপ্লিন আমাদের বিবেচনায় রয়েছে। অতীত পারফরম্যান্স ও সম্ভাবনা বিশ্লেষণ করে আমরা এই মাসে ডিসিপ্লিন চূড়ান্ত করব। আজকের সভায় সভাপতি গেমসের জন্য অনুশীলন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।’
সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তির খেলায় ওয়াকওভার হয়েছে। শেফ দ্য মিশনের রিপোর্টে এটি এসেছে এবং কুস্তির ম্যানেজারকে শোকজও করা হয়েছিল। ম্যানেজারের শাস্তি নিয়ে ইমরোজ বলেন, ‘এই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আজকের সভায় এটা নিয়ে সবাই নেতিবাচক মনোভাব পোষণ করেছেন।’
আইওসি বৃত্তিপ্রাপ্ত শুটার কামরুন নাহার কলি ফেডারেশন থেকে নিষিদ্ধ। অন্যায়ের প্রতিবাদ করায় তিনি প্রতিহিংসার শিকার বলে ধারণা শুটিং সংশ্লিষ্টদের। কলির বিষয়ে ইমরোজ বলেন, ‘এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সরাসরি খেলোয়াড়ের অ্যাকাউন্টে অর্থ পাঠায়। সেই খেলোয়াড় প্র্যাকটিস করতে না পারা দেশের জন্য ক্ষতি। আমরা ফেডারেশকে ডেকে বিষয়টি দেখব। কলি নৌবাহিনীর খেলোয়াড়। তাদের সঙ্গেও আমরা কথা বলব। শুটারের ভুল না থাকলে তাকে শুটিংয়ে ফেরানোর অনুরোধ করব ফেডারেশনকে।’
এজেড/এমএমএম