ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা কেটে গেছে। তবে আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। তার মতে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।
সালমান বলেন, 'আমরা যাচ্ছি (বিশ্বকাপে)। ওটা (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা) আমাদের সিদ্ধান্ত নয়। আমরা এই বিষয়ে কিছু করতে পারব না। আমাদের সরকার ও চেয়ারম্যান যা বলবে আমাদের সেটাই করতে হবে। তারা যা বলবে আমরা তাই করব।'
আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার।
পাকিস্তান সরকার বলেছে, 'পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।'
এইচজেএস