‘ক্রিকেটারদের মতো তারাও ইউ-টার্ন নেবে’— পাকিস্তানকে খোঁচা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে ঘোষণা দিলেও এখনো আইসিসিকে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তাদের এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট মহলে সমালোচিত হচ্ছে। ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার তো খোঁচাও দিলেন।
সাবেক ভারতীয় অধিনায়ক মনে করিয়ে দিলেন, পাকিস্তানের অবসর নেওয়া অধিকাংশ ক্রিকেটার আবার মন পাল্টে ফেলেন। তেমনই পাকিস্তানও চাপের মুখে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে।
ইন্ডিয়া টুডে-র অধিভুক্ত চ্যানেল আজ তাক-এ খোঁচা দিয়ে বললেন, ‘আমি মনে করি চার-পাঁচ দিনের মধ্যে, যখন বিশ্বের নানা প্রান্ত ও এমনকি তাদের সাবেক খেলোয়াড়দের কাছ থেকে প্রতিক্রিয়া আসতে থাকবে, তখন পাকিস্তান তাদের অবস্থান পাল্টে ফেলতে পারে।’
বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের খেলার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) সন্ধ্যায় পাকিস্তান সরকার ঘোষণা দেয়, তাদের ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে।
সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ থেকে ‘অন্যায়ভাবে’ বহিষ্কৃত বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে সরে দাঁড়ানোর আভাস দেন। শেষ পর্যন্ত সরকারের পরামর্শে তারা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু টুর্নামেন্টের মূল আকর্ষণীয় ম্যাচ বর্জন করতে যাচ্ছে।
গাভাস্কারের বিশ্বাস এই সিদ্ধান্তে অটল থাকতে পারবে না পাকিস্তান, “এটাতে আর নতুন কী? আমরা সবাই জানি পাকিস্তানি ক্রিকেটাররা অবসর নেয়, তারপর চার দিন পর আবার অবসর থেকে ফিরে আসে, বলে ‘আমাদের ভক্তরা আরও বেশি খেলতে বলেছে’। সম্ভবত এমনটা আবারো হতে যাচ্ছে।’”
এফএইচএম/