সন্দেহ হচ্ছিল বিপিএল খেলতে পারব কি না : মাহমুদউল্লাহ

সবশেষ বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সে সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত রিহ্যাভ সেশন করতে দেখা যেত তাকে। তবে মাহমুদউল্লাহর মনে সংশয় ছিল বিপিএলের ১২তম আসর খেলতে পারবেন কি না।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন মাহমুদউল্লাহ। সেখানে বিপিএলে খেলা নিয়ে যে শঙ্কায় ছিলেন মাহমুদউল্লাহ সেটা পরিস্কার করেন। আল্লাহর প্রতি সন্তুষ্টি জানিয়ে সে কথা প্রকাশ করলেন তিনি।
ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, 'জিমে রিহ্যাব করার সময় এই সেলফিটা তুলেছিলাম। তখন খুব হতাশ ছিলাম। সন্দেহ হচ্ছিল আমি এবারের বিপিএল খেলতে পারব কি না। হাঁটুতে ইঞ্জুরি ছিল আর আমি অনেক লড়াই করছিলাম।'
পরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লিখেছেন, 'কিন্তু আল্লাহ আমাকে আবারো ভাবতে বাধ্য করলেন যে- সর্বশক্তিমান আল্লাহর পক্ষে কিছুই অসম্ভব না। আমি চেষ্টা করে বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খেলেছি এবং আল্লাহ আমাকে আরও একবার সম্মানিত করেছেন। আল্লাহু আকবর।'
এসএইচ/এফআই